অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে প্রথম জয় পেলেন ডেভিড ময়েস। গতকাল অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ অলস্টারসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ইউনাইটেড। প্রাক-মৌসুম সফরের শুরুটা ভালো হয়নি ইউনাইটেডের। থাইল্যান্ডে সিংঘা অলস্টারসের কাছে হেরে বসে ০-১ গোলে। সিডনি অলিম্পিক স্টেডিয়ামে অবশেষে জয়ের তৃপ্তি পেলেন ইউনাইটেডে স্যার ফার্গির উত্তরসূরি। জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেক ও ২০ বছর বয়সী উঠতি ফরোয়ার্ড জেসে লিনগার্ড। অন্য গোলটি রবিন ফন পার্সির। অস্ট্রেলিয়া থেকে ইউনাইটেড যাবে জাপানে। সেখানে আগামী পরশু তারা খেলবে ইয়োকোহামা এফ মেরিনোসের সঙ্গে। এএফপি।