চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করুন।
২০২৫ সাল। চ্যাম্পিয়নস লিগে একটা ম্যাচের আগে একাদশ ঘোষণা করলেন রিয়াল কোচ। দলের চারজন ফুটবলারের নাম জিদান, জিদান, জিদান ও জিদান।
একজন গোলরক্ষক, দুজন মিডফিল্ডার আর অন্যজন স্ট্রাইকার। একটু বেশি আগ্রহ যাদের, তারা যদি রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে গিয়ে এই চার ফুটবলারের বংশপরিচয় খোঁজেন, তাহলে জেনে যাবেন—চারজনেরই বাবার নাম এক। জিনেদিন জিদান।
ভাবছেন, অবাস্তব কল্পনা? মোটেও নয়। আগেই রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেওয়া তিন ভাইয়ের সঙ্গে গত বছর সর্বকনিষ্ঠ এলিয়াজ জিদানও যোগ দিয়েছে, তখন থেকেই এমন একটা দৃশ্য বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দারুণভাবে। ঠিক এই মুহূর্তে ব্যাপারটা অসম্ভব মনে হলেও পুরোপুরি অবাস্তব ভেবে উড়িয়ে দেবেন না যেন!
চার ভাইয়ের সবচেয়ে বড় এনজো জিদান ফার্নান্দেজ ১৮ পেরিয়েছেন কেবল। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল জুভেনিল ‘আ’র হয়ে নজর কেড়েছেন তিনি। বাবার মতোই মিডফিল্ডে খেলেন এনজো। দুই পায়েই সমান দক্ষ আর বলের ওপর নিয়ন্ত্রণের কারণে এরই মধ্যে এনজোকে বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে ভাবতে শুরু করেছেন অনেকে। দ্বিতীয়জন লুকা জিদান অবশ্য বাবার মতো গোল করা কিংবা করানোর কাজটা বেছে নেয়নি, আগ্রহ গোল বাঁচানোর দিকে। এই কাজটা যে এনজোর চেয়ে বছর তিনেকের ছোট লুকা খুব ভালো পারে, তার প্রমাণও ইতিমধ্যে পেয়ে গেছেন রিয়ালের বয়সভিত্তিক দলের কোচিং স্টাফরা। রিয়ালের অনূর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক লুকা, দলটির অধিনায়কত্ব করছে বেশ কিছুদিন ধরে। পরশু কাতারে আল কাস টুর্নামেন্টে ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে লুকার নৈপুণ্যে জিতেছে দল, ম্যাচসেরাও লুকা। ম্যাচ শেষে স্বয়ং কোচ বলেছেন, লুকার মধ্যে ইকার ক্যাসিয়াসের ছায়া দেখেছেন তিনি!
কিছুদিন আগে ১২-তে পা দেওয়া থিও জিদান বয়সভিত্তিক দলে খেলে পুরোদস্তুর স্ট্রাইকার হিসেবে। বাবা নয়, তার ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদো! কোচিং স্টাফরা বলছেন, ওয়ান-টু-ওয়ানে থিওর লক্ষ্যভেদের ক্ষমতা অসাধারণ, দারুণ ফিনিশার হিসেবে এরই মধ্যে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠেসে সে। বয়স মাত্র নয় হলেও প্রত্যাশার কমতি নেই গত বছর ভাইদের সঙ্গে একাডেমিতে যোগ দেওয়া এলিয়াজকে নিয়েও। বাবার মতো দারুণ এক প্লে-মেকার হওয়ার ইচ্ছা জিদানের ছোট ছেলের।
বাবা রিয়ালের কিংবদন্তি, এই মুহূর্তে দলের সহকারী কোচও। নিন্দুকেরা তাই বলতেই পারেন, নিজের ক্ষমতা ব্যবহার করে চার ছেলেকে রিয়ালের একাডেমিতে জায়গা করে দিয়েছেন জিদান। কিছুটা প্রভাব থাকতেই পারে। তবে বাবার ছায়া থেকে বেরিয়ে এসে যে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চেষ্টার কমতি নেই, সেটিও দেখাচ্ছে ‘জিদান-পুত্র’রা। বড় ছেলে তো এরই মধ্যে ‘জিদান’ অংশটা বাদ দিয়ে শুধু এনজো ফার্নান্দেজ লিখছেন নামের ঘরে।
কে জানে, হয়তো এমন দিন আসবে, যখন এনজোকে জিদানের ছেলে না বলে জিদানকে এনজোর বাবা হিসেবেই চিনবেন অনেকে! তেমন কিছু হলে সবচেয়ে গর্বিত হবেন কিন্তু বাবা জিনেদিন জিদানই। ওয়েবসাইট।