২০০৪ উইম্বলডনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের হার—গ্র্যান্ড স্লাম টেনিসে সেরা অঘটনগুলোর একটি। সেই ফাইনালের আগেই ৭টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার সামনে মারিয়া শারাপোভা ছিলেন ‘কালো ঘোড়া’। সেই শারাপোভাই ফাইনাল জিতলেন ৬-১, ৬-৪ গেমে। বাজিকরদের শীর্ষ তালিকায় না থাকা হ্যাংলা-পাতলা একটা মেয়ের কাছে সে হারটা মেনে নিতে পারেননি সেরেনা! লকার রুমে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী শারাপোভা। এমনই অজানা তথ্য নিয়ে রুশ টেনিস খেলোয়াড়ের আত্মজীবনী আনস্টপেবল: মাই লাইফ সো ফার এখন বাজারে।
উইম্বলডনের সেই ফাইনালে হারলেও মুখোমুখি লড়াইয়ে শারাপোভার চেয়ে ঢের এগিয়ে সেরেনা। মুখোমুখি ২১ ম্যাচের ১৯টিতেই জিতেছেন সেরেনা, মাত্র ২টিতে শারাপোভা। সেরেনা-শারাপোভা প্রতিদ্বন্দ্বিতা এখন নিতান্তই একপেশে লাগে। তবে শারাপোভার বিশ্বাস, উইম্বলডন ফাইনালের সেই হারের কারণেই কোর্টে তাঁর বিপক্ষে অনমনীয় সেরেনাকে দেখেছে টেনিস-বিশ্ব। সেরেনার সঙ্গে ব্যক্তিদ্বৈরথ ছাড়াও স্মৃতিকথার এই বইয়ে অন্য প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে শারাপোভার শৈশব-কৈশোর ও ডোপ পাপের দায়ে ১৫ মাসের নির্বাসনও। টেনিসডটকম।