রেকর্ড কর্নার

লঙ্কা-কাণ্ড

শ্রীলঙ্কায় প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসটি দেশটির জাতীয় দলেরই। ১৯৯৭ সালে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে করা দলটির ৬ উইকেটে ৯৫২ রান টেস্ট ক্রিকেটেই সর্বোচ্চ। সেই লঙ্কানরাই এবার দখল করে নিল বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ডটাও। কাল মিরপুরে ৬ উইকেট হারিয়ে ৭৩০ রান, শ্রীলঙ্কা পেছনে ফেলে দিয়েছে বরিশালকে। ২০০৬-০৭ মৌসুমে জাতীয় লিগে ফতুল্লায় সিলেটের বিপক্ষে ৭ উইকেটে ৭১২ রান করেছিল বরিশাল। বাংলাদেশে সাত শর বেশি স্কোর এই দুটিই। বাংলাদেশের রেকর্ডটাও দখল নিয়ে অনন্য এক কীর্তি গড়েছে লঙ্কান জাতীয় দল। টেস্টখেলুড়ে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই দুটি দেশে সর্বোচ্চ ইনিংসের মালিক। ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডটা ইংল্যান্ডের। বাকি সাত দেশেই ঘরোয়া দলগুলো আছে সবার ওপরে।