নাজমূল আবেদীন
নাজমূল আবেদীন

গুরুবচন

সমালোচনা গায়ে না মেখে ভালো খেলার উপায় খুঁজতে হবে মুশফিককে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ নিয়ে নিয়মিত প্রথম আলোতে বিশ্লেষণ থাকছে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনের। প্রথম টেস্ট ড্র হওয়ার পর তিনি বলেছেন মুশফিকুর রহিম প্রসঙ্গেও।

চতুর্থ দিনের শেষ বলে অফ স্টাম্পের বাইরে থেকে যে তীক্ষ্ণ টার্নে উইকেটটা পেল তাইজুল ইসলাম, তাতে মনে হয়েছিল পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে। বাংলাদেশ সেটি কাজেও লাগাতে পারবে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজ তেমন কিছু দেখলাম না। হয়তো কিছু টার্ন মিলেছে, তবে সেসব সামলাতে বেগ পেতে হয়নি ব্যাটসম্যানদের।

তাইজুলই কিছুটা পথ দেখানোর চেষ্টা করছিল। আরেকটা উইকেট পেলে আমাদের অবস্থানটা আরেকটু শক্ত হতো, ফলও বের হয়ে আসতে পারত। ৬টি উইকেট পড়ে যাওয়ার পর অনেক সময় ছিল, আরেকটা উইকেট পড়লে ওদের ব্যাটিং অর্ডারেলেজটা বেরিয়ে পড়ত।  

এখানে শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। কাল দ্রুত ২ উইকেট হারানোর পরও আজ শুরুতে যেভাবে আক্রমণাত্মক খেলেছে, বাংলাদেশ বোধ হয় তখন এটা আশা করেনি। চাপে থাকলেও দ্বিতীয় ইনিংসে ওদের রানরেট বেশি ছিল প্রথম ইনিংসের তুলনায়। মানে উইকেটে শুধু সময় কাটায়নি, রানও করেছে। এ কারণেই খেলাটা বাংলাদেশের হাত থেকে বের হয়ে গেছে বলা যায়।

'পঞ্চম দিনের মতো টেস্ট ম্যাচটিও দুই দল সমানে সমানেই শেষ করেছে বলতে হবে'

তবে পঞ্চম দিনের মতো টেস্ট ম্যাচটিও দুই দল সমানে সমানেই শেষ করেছে বলতে হবে। হ্যাঁ, বাংলাদেশের সুযোগ ছিল। উইকেটে শুরুর দিকে তেমন কিছু ছিল না। তবে উইকেটের সহায়তা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের বোলারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে, বড় টার্ন করানোর সামর্থ্যের ক্ষেত্রেও। এ উইকেটে অন্য ধরনের বোলাররা কেমন করত, নিশ্চিত নয়। তবে উইকেটের সহায়তার চেয়েও বড় কথা, বিপক্ষ দল যখন চাপে থাকে, সেটিকে ব্যবহার করতে হয়। ফ্ল্যাট উইকেটেও বোলিংয়ের কৌশল থাকে। শ্রীলঙ্কা যখন খুব চাপে ছিল, কাউন্টার অ্যাটাক করল, আমরা খুব একটা ফায়দা নিতে পারিনি।

শ্রীলঙ্কা অবশ্যই ভালো খেলেছে, এটি নতুন কিছু নয়ও। এমনিতেও টেস্ট ভালো খেলে ওরা। আবার শেষে এসে সহজ ড্র মনে হলেও শ্রীলঙ্কার আরেকটি উইকেট পড়ে গেলে পরিস্থিতিটা বদলে যেত। এই যে এত কথা বলছি, তখন কিন্তু বোলারদেরই কৃতিত্ব দিতাম। সব মিলিয়ে এ টেস্টে খারাপ খেলিনি, বিশেষ করে টস হারার পর। প্রথম ইনিংসে ওদের স্কোরটা টপকে যেতে পেরেছি।  

চট্টগ্রাম টেস্টে শতক পেয়েছেন মুশফিকুর রহিম

বোলিংটা নিয়ে সাম্প্রতিক সময়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা। বিপক্ষ দলের ২০টি উইকেট নিতে পারছি। ব্যাটিংয়েই পিছিয়ে ছিলাম কিছুটা। এ টেস্টে ওপেনিং জুটি বড় হয়েছে, মিডল অর্ডারে ভালো জুটি হয়েছে। আমরা ব্যাটিংয়ে ফিরে আসছি। এটা পরের টেস্টের আগে স্বস্তি দেবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। পরের টেস্টে এটা কাজে দেবে, আরেকটু পরিণত খেলার ক্ষেত্রে। টসে জিতলে তো আরেকটু এগিয়ে যেতে পারব।  

এ টেস্টে মুশফিকের ইনিংসটা কার্যকরী ছিল অনেক। তবে সেঞ্চুরির পর ও সমালোচনা নিয়ে যা বলেছে, শুনে মনে হয়েছে ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে একটু দূরত্ব আছে। এ দূরত্বের কারণেই হয়তো একধরনের চাপ সৃষ্টি হয় কিছু কিছু খেলোয়াড়দের ওপরে। মুশফিকের ওপর বোধ হয় বেশিই হয়। ও কিন্তু মিডিয়া থেকে দূরে থাকে সাধারণত, মিডিয়া-ফ্রেন্ডলি বলে মনে হয় না। মিডিয়ায় যখন নেতিবাচক কিছু আসে, সোশ্যাল মিডিয়ায় তো সমালোচনা হয়ই, মুশফিক বোধ হয় এগুলো নিতে পারে না। সেটার প্রভাব ওর পারফরম্যান্সে পড়তে বাধ্য। ওই চাপ নিয়েই ও খেলে। এর কারণেই বোধ হয় নিজের সেরাটা সব সময় দিতে পারে না।

এ টেস্টে মুশফিকের ইনিংসটা কার্যকরী ছিল অনেক। তবে সেঞ্চুরির পর ও সমালোচনা নিয়ে যা বলেছে, শুনে মনে হয়েছে ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে একটু দূরত্ব আছে। এ দূরত্বের কারণেই হয়তো একধরনের চাপ সৃষ্টি হয় কিছু কিছু খেলোয়াড়দের ওপরে। মুশফিকের ওপর বোধ হয় বেশিই হয়।

সর্ষশেষ ইনিংসে ভালো করার পর সেটিই বোধ হয় বলার চেষ্টা করেছে, ও যখন ভালো খেলে, অনেক উঁচুতে তোলা হয়, কিন্তু না খেললে সেটা হয় না। দেশের সংস্কৃতিটা নিয়েই বোধ হয় বলতে চেয়েছে—এটা যে খেলোয়াড়দের জন্য ভালো কিছু না। কেউ ভালো খেলতে পারছে না, তখন তো কাউকে না কাউকে পাশে থাকতে হয়। বিশেষ করে কাছের মানুষদের। সেটা হয়তো বোঝাতে চেয়েছে।

তবে আমার মনে হয়, এ চাপটা থাকবেই। এটা মানিয়ে নিয়েই খেলতে হবে। এটির জন্য নিজেদেরই স্ট্র্যাটেজি ঠিক করে নিয়ে খেলতে হবে। কারণ, আমরা না বললেও সমালোচনা হবে। আলাপ-আলোচনা হবেই। এটি তো বন্ধ করা যাবে না। অনেকে এসব মেনে নিয়েই খেলে এবং ভালোও খেলে।

আমার মনে হয়, মুশফিকের উচিত হবে, এগুলো পাশ কাটিয়ে কীভাবে খেলা যায়, সে কৌশলটা বের করা। কারণ, সে এখনো যে ভালো খেলে, সেটির প্রমাণ এ টেস্টে দিয়েছে। আশা করাই যায়, সে সামনে আরও ভালো খেলবে। সামনের তিন-চার বছর আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবেই খেলবে। ওর ভালো খেলাটা এবং এসব চাপ সরিয়ে রেখে ভালো খেলাটা খুবই জরুরি।