রেকর্ড কর্নার

সার্ভ-কন্যা

আরেকটি ২০০ কিলোমিটার গতির সার্ভ বেরোল সেরেনা উইলিয়ামসের হাত থেকে। কাল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মারিয়া কিরিলেঙ্কোকে হারানোর পথেই সার্ভটি (২০১ কিমি) করেছেন তৃতীয় বাছাই সেরেনা। তবে ছোট উইলিয়ামসের এত জোরালো সার্ভ নিয়ে বিস্ময়ের কিছু নেই। মেয়েদের টেনিসের দ্বিতীয় দ্রুততম সার্ভটি যে তাঁরই (২০৬ কিমি, ২০১০ ফ্রেঞ্চ ওপেন)। সবচেয়ে বেশি গতির সার্ভটিও করেছেন তাঁর বড় বোন। ভেনাস উইলিয়ামসের হাত থেকে ২০৭.০৬ কিলোমিটার গতির ওই সার্ভটি বেরিয়েছিল ২০০৭ ইউএস ওপেনে। গত বছরের ফ্রেঞ্চ ওপেনে ২০৩ কিলোমিটার গতিতে সার্ভ করে তিনে নাম লিখিয়েছেন জার্মানির জুলিয়া জর্জেস।