
এপ্রিলে তুরস্কে বিশ্বকাপ আর্চারির স্টেজ ওয়ানে রোমান সানা-দিয়া সিদ্দিকীদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে সেই হতাশা কাটিয়ে উঠেছে এবারের এশিয়া কাপ আর্চারির স্টেজ টু–তে। ইরাকের সুলাইমানিয়া শহরে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুটি ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
রিকার্ভ পুরুষ বিভাগে খেলেছেন রোমান সানা, হাকিম আহমেদ ও আবদুর রহমান। নারী বিভাগে বাংলাদেশ দলে খেলেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়।
আজ দুপুরে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় ইরাককে। কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে বাংলাদেশ করেছে ৫৫ পয়েন্ট, ইরাকের স্কোর ৫০। এরপর দ্বিতীয় সেটেও যথারীতি আধিপত্য ধরে রাখেন রোমান, হাকিমেরা। এই সেটে ৫৫-৪৯ পয়েন্টে হারায় ইরাককে। শেষ সেটে ৫৭-৪৩ পয়েন্টে জেতে বাংলাদেশ।
সেমিফাইনালে ইরানের সঙ্গে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারে ইরানকে হারিয়েছে ৫-৪ সেট পয়েন্টে। প্রথম সেটে ৫৬-৫৩ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে ছিল ইরান। কিন্তু পরের দুই সেটে বাংলাদেশ জেতে যথাক্রমে ৫৬-৫৫ ও ৫৬-৫৪ পয়েন্টে। চতুর্থ সেটে ইরান ৫৪-৫৩ পয়েন্টে সেট জিতলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত শুট–অফে জিতে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।
মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে ইরাককে। এরপর সেমিফাইনালে ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। ১১ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এর আগে গত মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।