রেকর্ড কর্নার

হাজার রান

ব্রেন্ডন ম্যাককালাম ও কেভিন পিটারসেনের সঙ্গী হলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের ছোট সংস্করণে হাজার রান করা ব্যাটসম্যান এখন পর্যন্ত এই তিনজন। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যালেক্স কুসাককে বাউন্ডারি মেরেই এই মাইলফলক ছুঁয়েছেন ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান করা প্রথম ক্রিকেটার ম্যাককালাম। ২০১০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ম্যাচটি ছিল ম্যাককালামের ৩৫তম ম্যাচ। পিটারসেন হাজার রান পেয়েছেন ৩২ ম্যাচে। ওয়ার্নারের লাগল ৩৭ ম্যাচ। শ্রীলঙ্কার জয়াবর্ধনে (৯৯৪), দিলশান (৯৫৬) ও সাঙ্গাকারাও (৯৫৪) এই বিশ্বকাপেই হাজার রান পেরিয়ে যেতে পারেন।