রেকর্ড কর্নার

হ্যাটট্রিক

এবার কি হ্যাটট্রিকটা পাবেন রজার ফেদেরার? নাকি এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে হ্যাটট্রিক মিসের হ্যাটট্রিক করবেন সুইস তারকা! গত দুবারের চ্যাম্পিয়ন ফেদেরার এর আগেও দু-দুবার এই টুর্নামেন্ট শুরু করেছিলেন হ্যাটট্রিক শিরোপার হাতছানি নিয়ে। ২০০৫ সালে রানার্সআপ হলেও ২০০৮ সালে গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় ফেদেরারের দৌড়। ১৯৭০ সালে শুরু হওয়া বছর শেষের এই টুর্নামেন্ট টানা তিনবার জিতেছেন দুজন—ইভান লেন্ডল ও ইলি নাসতাসে। রোমানিয়ার নাসতাসে ১৯৭১ থেকে ১৯৭৩ ও সাবেক চেক তারকা লেন্ডল ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হন। তখন অবশ্য এই টুর্নামেন্টের নাম ছিল মাস্টার্স গ্রাঁ প্রিঁ।