ওয়ানডে ইতিহাসের নবম ব্যাটসম্যান হিসেবে ঢুকেছেন ১০ হাজার রানের ক্লাবে। আরেকটি জায়গাতেও নবম মাহেলা জয়াবর্ধনে। ১০ হাজার রানের মাইলফলক পেরোতে এই শ্রীলঙ্কানকেই খেলতে হয়েছে সবচেয়ে বেশি ম্যাচ ও ইনিংস। ৩৫৫ ম্যাচের ৩৩৩তম ইনিংসে ঢুকেছেন এমন একটি ক্লাবে যার প্রথম সদস্য শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের অধিকারেই সবচেয়ে কম ম্যাচ (২৬৬) ও ইনিংসে (২৫৯) ১০ হাজার রান করার রেকর্ডটি। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্দোরে ১০ হাজার পেরিয়ে যান ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক। এর পরেই সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিং। এই দুজনই ২৭২ ম্যাচ খেলে ১০ হাজার রান ছুঁলেও ইনিংসের হিসাবে এগিয়ে গাঙ্গুলী। দাদা খেলেছিলেন ২৬৩ ইনিংস, পন্টিং ২৬৬। সময়ের হিসাবে রেকর্ডটি রাহুল দ্রাবিড়ের (১০ বছর ৩১৭ দিন)।