
১৮২ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের জয় নিয়ে আশাবাদী হতে দিচ্ছে না। বৃষ্টিই এখন ভরসা। কিন্তু সেটা ‘কুকুর-বিড়াল’ বৃষ্টি না হলে যে চলছে না। খণ্ডিত ওভারের ম্যাচ হলে যে কপাল বাংলাদেশেরই পুড়বে। কারণ, যদি ইনিংসের দৈর্ঘ্য ২০ ওভারে নেমে আসে, তখন অস্ট্রেলিয়ার লক্ষ্য হবে ৪১ রান! যদি এক উইকেটও তারা না হারায়।
হ্যাঁ, বাংলাদেশ ৪৪.৩ ওভারে অলআউট হয়ে যাওয়ায় ডার্কওয়াথ-লুইস পদ্ধতিতে এতটাই সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে যেহেতু ম্যাচ শেষ করতে হলে, দুই দলকেই কমপক্ষে ২০ ওভার করে ব্যাট করার সুযোগ দিতে হয়, সে কারণে ২০ ওভারে অস্ট্রেলিয়াকে কত করতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই জানা গেছে, কোনো উইকেট না হারালে ২০ ওভারে ৪১ রান করলেই আজ বিজয়ী হবে অস্ট্রেলিয়া। ১ উইকেট হারালে সে লক্ষ্য বেড়ে হবে ৪৮। ৩ উইকেট হারালে ৫৮। এমনকি ৪ উইকেট হারালেও ২০ ওভারে করতে হবে ৬৯!
বাংলাদেশ এর চেয়ে পুরো ৫০ ওভার বোলিংই বেছে নিতে চাইবে। আর বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা তো থাকলই। আজ ম্যাচ হারলেই যে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
অস্ট্রেলিয়া যদি ৫ ওভারেই বিনা উইকেটে ৪১ রান তুলে ফেলে; এরপর বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ? না, তখনো অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করা হবে না। এমনকি অস্ট্রেলিয়া যদি ১৯.৫ ওভারে ১৫০ রানও তোলে, তারপর ম্যাচ পুরো ভেসে যায়; তবু ফল পরিত্যক্ত বলেই গণ্য হবে। ২০ ওভার খেলতেই হবে অস্ট্রেলিয়াকে।