২৩ বছর আগের স্মৃতিটা ক্ষণিকের জন্য হলেও যেন ফিরিয়ে আনল নাপোলি। ১৯৯০ সালে ডিয়েগো ম্যারাডোনা নামের এক কিংবদন্তি শেষবার শিরোপার আনন্দে ভাসিয়েছিলেন নাপোলিকে। এরপর দলটি দেখেছে নানা ঘটন-অঘটন। সিরি ‘আ’ থেকে অবনমন তো ছিলই, এমনকি দেউলিয়া পর্যন্ত হতে বসেছিল নেপলসের এই ক্লাব। গত কয়েক বছর অবশ্য ইতালিয়ান ফুটবলে নাপোলি আবার উঠে আসার চেষ্টা করছে। কাতানিয়াকে গত পরশু ২-০ গোলে হারিয়ে ২৩ বছর পর আবার উঠে গিয়েছিল সিরি ‘আ’র শীর্ষে। এককভাবে নয় অবশ্য, ৪৯ পয়েন্ট নিয়ে সেখানে নাপোলির সঙ্গী ছিল জুভেন্টাস। নাপোলির হয়ে গোল করেছেন মারেক হামসিক ও পাওলো ক্যানাভারো। তবে সুখস্মৃতিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ ঘণ্টার মধ্যেই জুভেন্টাস আবার এককভাবে ছিনিয়ে নিয়েছে শীর্ষস্থান। গতকাল শিয়েভোকে ২-১ গোলে হারিয়ে ‘ওল্ড লেডিরা’ই ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। রয়টার্স।