চট্টগ্রাম টেস্ট

ভারত অল আউট ২৪৩-এ, বাংলাদেশ ৫৯/৩

চট্টগ্রাম টেস্টে নিজেদের ইনিংসের শুরুটা ভালো করলেও হঠাত্ই ৩ উইকেট হারিয়ে ফেলেছে। ৫৩ রানের উদ্বোধনী জুটির পর জহির খান ভারতের পক্ষে প্রথম আঘাত হানেন। তাঁর বলে ইমরুল কায়েস এলবিডব্লিউ হয়ে প্যাভেলিয়নে ফেরত যান। এরপর খেলতে নামা লম্বা চুলের ‘পনি টেইল’ শাহরিয়ার নাফীস ইশান্ত শর্মার দুর্দান্ত এক বলে দ্বিতীয় স্লিপে ক্যাচে পরিণত হন। জহির খান এরপর আবার আঘাত হানেন তামিম ইকবালকে রিভার্স সুইংয়ে বোল্ড করে। কুয়াশার কারনে আজ খেলা বন্ধ করা হয়। দিন শেষে বাংলাদেশ করেছে তিন উইকেটে ৫৯ রান। উইকেটে রয়েছেন ৫১ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মেদ আশরাফুল ও সঙ্গে রয়েছেন রকিবুল হাসান। এদিকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা কুয়াশার কারণে শুরু হতে দেরি হলেও ভারতের শেষ দুটি উইকেট তুলে নিতে একেবারেই দেরি করেননি বাংলাদেশের বোলাররা। ইশান্ত শর্মা ও শ্রীশান্তকে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে ভারতকে এই প্রথম কোনো টেস্ট ম্যাচের ইনিংসে আড়াই শর নিচে অল আউট করল বাংলাদেশ। এর মধ্যে অবশ্য ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার আবারও প্রমাণ করেছেন, তাঁকে কেন এখনো ভারতের ব্যাটিং স্তম্ভ বলা হয়। ভারতের ব্যাটসম্যানদের রান-ক্ষরার মধ্যে আস্থায় অবিচল থেকে শচীন টেন্ডুলকারের সংগ্রহ অপরাজিত ১০৫। বাকি ১০ জনের সবাই মিলে সংগ্রহ ১৩৮ রান। চট্টগ্রাম টেস্টের ‘সাধারণমানের’ ভারতীয় ব্যাটিং ধন্যবাদ দিতেই পারে শচীন টেন্ডুলকারের এই অসাধারণ সেঞ্চুরিকে। এই সেঞ্চুরিতে আর কিছু না হোক ‘সাধারণমানের’ বাংলাদেশের বিপক্ষে মুখ রক্ষা হয়েছে ‘বিশ্বসেরা’ ভারতের।