প্রথম দিন শেষে উইন্ডিজ ২৫৩/৫

বৃষ্টির বাধায় চট্টগ্রাম টেস্টটা ড্র হওয়ার পর সিরিজ নির্ধারনী দ্বিতীয় টেস্টে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ক্রিকেটাররা। ওপেনার কাইরন পাওয়েল ও ক্রিক এডওয়ার্ডের লড়াকু ব্যাটিংয়ে ২৫৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে ক্যারিবীয়রা। অন্যদিকে সফরকারীদের ৫টি উইকেট তুলে নিয়ে ভালোই লড়াই চালাচ্ছেন বাংলাদেশী বোলাররা। ৭২ রান করে অপরাজিত আছেন ক্রিক এডওয়ার্ড।টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০০ রান সংগ্রহ করে ক্যারিবীয়দের ভালো অবস্থান এনে দিয়েছেন দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও পাওয়েল। তবে মধ্যাহ্ন বিরতির পর ব্রাথওয়েটকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন রুবেল হোসেন। ৫০ রান করে ফিরে গেছেন এই উইন্ডিজ ওপেনার। দলীয় ১৫৫ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। ৭২ রান করে সোহরাওয়ার্দী শুভর শিকারে পরিণত হন পাওয়েল। এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ড্যারেন ব্রাভো। ফিরে গেছেন নাসিরের শিকারে পরিণত হয়ে। চতুর্থ উইকেটে অনেকক্ষণ উইকেটে থেকে ৪৬ রান যোগ করেছিলেন এডওয়ার্ড ও চন্দরপল। ২২৫ রানের মাথায় চন্দরপলকে সাজঘরে ফেরান নাসির। দুই ওভার পরে কেমার রোচের উইকেটও তুলে নেন সাকিব।ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্টের হিরো ইলিয়াস সানি আজ বাংলাদেশ দলে নেই। তারবদলে খেলছেন আরেক বাঁ-হাতি স্পিনার মো. সোহরাওয়ার্দী। মিরপুরের উইকেট পেসারদের সহায়তা করে বলে কাল সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু, আজ মাঠে এর কোনো প্রতিফলণ দেখা যায়নি। শাহাদাত ও রুবেলকে বেশ ভালোই খেলেছেন দুই ক্যারিবীয় ওপেনার। তবে সাকিব আল হাসানসহ আরেক স্পিনার সোহরাওয়ার্দীর বল খেলতে গিয়ে নিজেদের কিছুটা গুটিয়ে নিচ্ছেন তারা। মুশফিকুর রহিমকে অপেক্ষায় থাকতে হচ্ছে স্পিনারদের ভেল্কিরই। শাহাদাত ও রুবেল দু’জনে বল করেছেন ১৬ ওভার। এঁদের মধ্যে শাহাদাত বেশ খরুচে। ওভার-প্রতি ৪-এর ওপরে গিয়ে তিনি খরচ করেছেন ৭৫ রান। রুবেল ওভার-প্রতি ৩.১২ রান খরচ করেছেন। তাঁর ওভারগুলো থেকে ওয়েস্ট ইন্ডিজের এসেছে ৫০ রান। বিনিময়ে একটি উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। সাকিব বল হাতে বেশ কৃপণ। ২৩ ওভার বল করে ১০ মেডেন দিয়ে খরচ করেছেন মাত্র ৩১ রান। সোহরাওয়ার্দী ৮ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। নাসির হোসেন মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন দুইটি উইকেট।