এত দিন সবাই তাঁকে বলতেন, ‘সাকিব অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসছে। তুমি পারছ না কেন? তোমাকেও এক নম্বর হতে হবে।’
সালমা খাতুন কথাটা ভুলে যাননি। কাল খুলনার বাড়ি থেকে ওই কথাই বললেন ফোনে। একটু আগেই জেনেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের সেরা একাদশে জায়গা পেয়েছেন। কিন্তু একই সঙ্গে নারী টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার খবরটি জেনে অবশ্য একটু চমকে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও দুজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় সেরা বোলার। অফ স্পিনে তাঁর শিকার ৮ উইকেট। বাংলাদেশ অধিনায়ক ভালো করবেন জানতেন, তবে এতটা উচ্চতায় উঠবেন আশা করেননি!
উচ্ছ্বসিত সালমা বললেন, ‘সবাই সাকিব ভাইয়ের কথা বলত আমাকে। আমি ভাবতাম, হয়তো র্যাঙ্কিংয়ের চার-পাঁচ নম্বরে আসব। এবার বিশ্বকাপে ব্যাটিং খুব একটা ভালো হয়নি আমার। তবে বোলিং ভালোই করেছি। বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসব, এতটা ভাবিনি। এখন তো দেখছি প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে গেলাম।’
মেয়েদের ক্রিকেটে তো বটেই, ছেলেদের ক্রিকেটেও এর আগে কখনো বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের কেউ। সালমাই প্রথম পেলেন এমন সম্মান। ভীষণ গর্বিত বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে ভুলে যাচ্ছেন না সামনের লড়াইটার কথা, ‘বোলিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখতে হবে আমাকে। এটা বড় চ্যালেঞ্জ এবং চেষ্টা করব সামনে আরও ভালো করতে।’