সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

দলের প্রয়োজনে বেশির ভাগ সময় বদলি হিসেবে খেলেন মার্জিয়া খাতুন। বদলি নেমেও ঠিকই ছাপ রাখেন নিজের প্রতিভার। সদ্য শেষ হওয়া নেপালের মেয়েদের সাফেও বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন। সেটিও টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচ ম্যাচের মধ্যে শুধু গ্রুপ পর্যায়ে পাকিস্তান ও ফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচেই।
২০১৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ দিয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলা শুরু মার্জিয়ার। এর আগে ২০১১ সালে বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্টে খেলেছেন ময়মনসিংহের কলসিন্দুর স্কুলের হয়ে। এই দলের বেশির ভাগ মেয়ের মতোই মার্জিয়াও উঠে এসেছেন কলসিন্দুর গ্রাম থেকে।
গল্পটাও বাকি সবার মতোই। শুরুতে পরিবার থেকে বাধা পেয়েছেন। খেলার জন্য মায়ের বকাও শুনতে হয়েছে অনেক। যদিও বাবা তাঁর ফুটবল খেলায় সমর্থনই জুগিয়ে গেছেন।
২০১৬ সালের এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে গোলও পেয়েছিলেন। যে কারণে ম্যাচটি আলাদা হয়ে আছে তাঁর কাছে।
কলসিন্দুরের বেশির ভাগ মেয়ের মতো মার্জিয়াও সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন কলসিন্দুর প্রাইমারি স্কুলের ওই সময়ের শিক্ষক মফিজ উদ্দিনের কাছ থেকে। ‘মফিজ স্যার’–এর উৎসাহ–অনুপ্রেরণাতেই সব বাধার পাঁচিল পেরিয়ে এসেছেন মার্জিয়া খাতুন।
স্কুলের গণ্ডি ছাড়িয়ে একসময় উঠে এসেছেন জাতীয় পর্যায়ে। বয়সভিত্তিক সাফ, এসএ গেমস, অলিম্পিক বাছাই, এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছেন। ২০১৬ সালের এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে গোলও পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই ম্যাচ হয়ে আছে মার্জিয়ার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর একটি।