দেশের ক্রীড়াঙ্গনে গত মধ্যরাত থেকে নেমে এসেছে শোকের ছায়া। নিভে গেল বাংলাদেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের আধুনিক ফুটবলের অন্যতম এই রূপকার গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত এই সংগঠক। অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট খুলে নিতে বাধ্য হন চিকিৎসকেরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।
আজকের আকাশি-নীল আবাহনী লিমিটেডের যে বিশাল ব্যাপ্তি, তার পেছনে যাঁদের শ্রম ও স্বপ্ন মিশে আছে, হারুনুর রশীদ তাঁদের অন্যতম। সবার কাছে তিনি পরিচিত ছিলেন ‘হারুন ভাই’ নামে।
১৯৬৬ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় আবাহনী সমাজকল্যাণ সমিতি। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে ক্লাবটির সঙ্গে যুক্ত হন তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ধানমন্ডির ১৯ নম্বর রোডের মাঠটিও নানা আইনি জটিলতা পেরিয়ে আসে আবাহনীর অধীনে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নতুন উদ্যমে একটি ক্রীড়া ক্লাব গড়ার উদ্যোগ নেন শেখ কামাল। এ সময় তাঁদের নজরে আসে মোহাম্মদপুরের ইকবাল স্পোর্টিং ক্লাব। মুক্তিযুদ্ধের সময় ক্লাবটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আইনি প্রক্রিয়া শেষে সেই ক্লাবের ভিত্তিতেই যাত্রা শুরু করে আবাহনী ক্রীড়া চক্র।
নতুন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ফুটবল, ক্রিকেট ও হকির যে যাত্রা শুরু হয়েছিল, তার অন্যতম চালিকা শক্তি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটিও তাঁর নিজের হাতে তৈরি। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতা-পাতার বেষ্টনী দিয়ে লোগোটি নকশা করেছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুনুর রশীদ শুধু আবাহনীর সংগঠক ছিলেন না, দেশের ফুটবলের প্রশাসনিক কাঠামো গড়তেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর পদচারণ। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননাও দিয়েছে। ২০২৩ সালে পেয়েছেন প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।
ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। সেই নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তবে সব পরিচয়ের বাইরে তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি আবাহনীর হারুন ভাই। যে আবাহনী আজ দেশের ক্রীড়াঙ্গনে এত বড় একটি প্রতিষ্ঠানের নাম, তার শুরুর দিনগুলোতে এই মানুষটির শ্রম, নিষ্ঠা ও স্বপ্ন জড়িয়ে আছে। হারুনুর রশীদের মতো উদ্যমী তরুণেরা সেদিন হাল না ধরলে আবাহনীর গল্পটা হয়তো আজকের মতো হতো না।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন। লাখো ফুটবলপ্রেমীর স্মৃতিতে থেকে যাবেন তিনি, আবাহনীর সেই ‘হারুন ভাই’ হয়েই।