ফটো ফিচার

মেসির বাক্সে কী

নতুন ভ্রমণে আন্দ্রেস ইনিয়েস্তা। কানাডায় উঠতি ক্রিকেটারের সঙ্গে ভালো সময় কেটেছে শোয়েব আখতারের। আর একটা বক্স দেখিয়ে লিওনেল মেসি জানতে চাইছেন—ভেতরে কী আছে! সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
নতুন ভ্রমণ শুরু হয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার। জাপান থেকে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এফসি ক্লাবে যোগ দিয়েছেন। তাঁকে স্বাগত জানানোয় ক্লাবটিকে ধন্যবাদ জানিয়ে স্পেন তারকা লিখেছেন, নতুন মঞ্চে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি
কানাডার উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের মনে হচ্ছে, বিশ্বের সে প্রান্তে ক্রিকেট ঠিক পথেই আছে। সেখানে আরও কিছু করতে পারলে ভালো লাগবে তাঁর।
মৌসুম শুরুর আগেই অনুশীলনে লিগামেন্টে চোট পেয়েছেন থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের মৌসুমই পড়ে গেছে শঙ্কার মুখে। এমন খবরের পর এ ছবিটা দিয়ে তাঁকে শুভকামনা জানিয়ে সতীর্থ দানি কারভাহাল লিখেছেন, চোটের সঙ্গে এ লড়াইয়ের প্রতিটি ধাপে তাঁদের পাশে পাবেন কোর্তোয়া।
স্ত্রীর সঙ্গে রোমাঞ্চকর যাত্রা অব্যাহত আছে ইংলিশ পেসার ডেভিড উইলির!
নিউইয়র্কে থ্রিডি বা ত্রিমাত্রিক জগতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
সবুজ পরতে বলেছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। তাতেই নাকি মঞ্চটা নিজের করে নেওয়া যাবে!
কোরিয়া প্রজাতন্ত্রে গেছেন রোনালদিনিও, সঙ্গী ইতালির বিশ্বকাপজয়ী সাবেক দুই তারকা—ফাবিও ক্যানাভারো ও মার্কো মাতেরাজ্জি।
নিজেদের থার্ড কিট প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। এ ছবিটা দিয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসকে একটা ধন্যবাদ জানিয়েছেন টনি ক্রুস। কারণ? জার্সিতে কলার রাখা হয়নি!
‘নিয়ন রাতের উজ্জ্বল আলো’য় ভারত ওপেনার যশস্বী জয়সোয়ালের সেলফি।
‘বলেছিলাম হৃদয়ের খুব কাছে একটি জিনিস নিয়ে কাজ করছি। বক্সের মধ্যে কী আছে অনুমান করতে পারেন?’—লিওনেল মেসির ক্যাপশনের অর্থটা এমন।