রেকর্ড কর্নার

অপেক্ষা

২০০৯ সালের মার্চের পর ২০১৫ সালের মে। ছয় বছর দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে এত দীর্ঘ বিরতি পড়েনি। বর্ণবাদী নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অচ্ছুত হয়ে পড়া দক্ষিণ আফ্রিকা ২২ বছরের নির্বাসন কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে। তবে ১৯৭০ সালের মার্চের পর দক্ষিণ আফ্রিকার দর্শকেরা প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখে ১৯৯২ সালের নভেম্বরে। ১৯৮৭ সালের মাঝামাঝি থেকে ১৯৯২ সালের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট দেখেনি লঙ্কানরাও। কারণটা ছিল গৃহযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৪ সালের মার্চ থেকে ১৯২০ সালের নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৩৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৪৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দেশেই হয়নি আন্তর্জাতিক ক্রিকেট।