
এখনো চূড়ান্ত কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেকোনো সময়ই বাংলাদেশ সফরের বাতিলের ঘোষণা আসতে পারে তাদের তরফ থেকে।
অস্ট্রেলিয়ার পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালগুলোতে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইট ক্রিকেট ডটকম ডটএইউ তাদের প্রতিবেদনে বলেছে, অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্তটি এখনো ঝুলে থাকলেও জঙ্গি হামলার হুমকির মুখে তা বাতিল হয়ে যেতে পারে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের অনলাইন পোর্টাল (এবিসি ডটনেট ডট এইউ) জানিয়েছে, জঙ্গি হামলার হুমকি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করা হতে পারে।
অস্ট্রেলিয়ার আরও এক শীর্ষ পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড (এসএমএইচ) গতকালই এক প্রতিবেদনে লিখেছে বাংলাদেশ সফর দুই-এক দিনের মধ্যেই বাতিল ঘোষিত হতে পারে। পত্রিকাটি এই সফর ‘বাতিলে’র কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের ‘সতর্কবার্তা’র ব্যাপারটি উল্লেখ করেছে। এই দুটি দেশের পররাষ্ট্রদপ্তরই অস্ট্রেলীয় পররাষ্ট্র দপ্তরের মতো বাংলাদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করে বিশেষ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।
এদিকে বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান অবশ্য এই সিরিজ বাতিল না করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে আহ্বান জানিয়েছেন। তিনি অস্ট্রেলীয় ক্রিকেট দলকে ‘ভিভিআইপি’ নিরাপত্তা সুবিধা দেওয়ারও নিশ্চয়তার কথা বলেন।
সংবাদভিত্তিক ওয়েব পোর্টাল নিউজ ডটকম ডট এইউ মনে করছে, বৃহস্পতিবার রাতের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এদিকে, গত দুদিন ধরেই বাংলাদেশ সফর করে যাওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক করছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা অস্ট্রেলিয়াতে কী ধরনের প্রতিবেদন জমা দিয়েছে, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে বাংলাদেশে অস্ট্রেলীয় স্বার্থের ওপর জঙ্গি হামলার পরিকল্পনার ব্যাপারটি যে দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া সেটা জানিয়েছে নিউজ ডটকম।