
টুর্নামেন্টের সফলতম দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। নতুন দুই দলের একটি গুজরাট টাইটানসের প্লে-অফে খেলা নিশ্চিত হয়েছে আরও আগে। গতকাল চেন্নাইকে হারিয়ে হার্দিক পান্ডিয়ার দলও নিশ্চিত করেছে প্লে অফ, তারা পয়েন্ট তালিকার প্রথম দুই দলের একটি হচ্ছে।
অর্থাৎ প্লে-অফে এলিমিনেটর নয়, বরং প্রথম কোয়ালিফায়ারেই খেলবে গুজরাট। তার মানে ফাইনালে ওঠার একটির বদলে দুটি সুযোগ পাবে তারা। অন্যদিকে, সপ্তাহখানেক আগেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নতুন আরেক দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হেরে নিজেদের জন্য সমীকরণটা একটু জটিল করে তুলেছে। লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল তো স্বীকার করেই নিয়েছেন, ‘চাপ একটু বেড়েছে।’
আইপিএলে গ্রুপ পর্বের ৯০ শতাংশ ম্যাচ শেষে যখন প্লে-অফে যাওয়া না–যাওয়া, প্লে-অফেরও কোয়ালিফায়ার বা এলিমিনেটরে খেলার সমীকরণ চলে আসছে, চাপ তো একটু বেড়ে যাওয়ারই কথা! চাপের মুখে কোন দলের করণীয় কী, সমীকরণ কার জন্য কেমন?
সমীকরণের হিসাবে যাওয়ার আগে পয়েন্ট তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদ—এখন পর্যন্ত এই চার দল ছাড়া বাকি সবাই ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে, এই চার দল খেলেছে ১২টি করে। অর্থাৎ, এই চার দলের দুটি করে ম্যাচ বাকি, অন্যদের একটি করে। আজ রাতে পাঞ্জাব ও দিল্লি মুখোমুখি হবে, আগামীকাল মুম্বাইয়ের বিপক্ষে খেলবে হায়দরাবাদ।
এ পরিস্থিতিতে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট। যথাক্রমে দুই ও তিনে থাকা রাজস্থান ও লক্ষ্ণৌয়ের পয়েন্ট ১৬, রানরেটে এগিয়ে রাজস্থান। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় এক থেকে চার নম্বর দল যাবে প্লে-অফে।
মোস্তাফিজের দিল্লি ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার পাঁচ নম্বরে। ছয় ও সাত নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসেরও পয়েন্ট ১২। আট নম্বরে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১২ ম্যাচে ১০। চেন্নাই ও দিল্লি যথাক্রম নবম ও দশম।
রাজস্থান রয়্যালস
তিন নম্বরে থাকা লক্ষ্ণৌয়ের সমান ১৬ পয়েন্ট হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে রাজস্থান। চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে জিতলেই পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা তাদের। তার ওপর রাজস্থান গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা খেলবে লক্ষ্ণৌ নিজেদের শেষ ম্যাচ খেলার দুদিন পর। অর্থাৎ, মাঠে নামার আগেই রাজস্থান জেনে যাবে, তাদের কত ব্যবধানে জিততে হবে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
টানা দুই হার, তার মধ্যে সর্বশেষটি গতকাল পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকার দৌড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী রাজস্থানের বিপক্ষে—সব মিলিয়ে একটু জটিল পরিস্থিতিতেই পড়েছে লক্ষ্ণৌ। পরপর দুই ম্যাচে ৬২ ও ২৪ রানের ব্যবধানের হার তাদের রানরেটেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
কলকাতার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তাই শুধু জিতলেই চলবে না লক্ষ্ণৌকে, জিততে হবে বড় ব্যবধানে। পাশাপাশি প্রার্থনায় থাকতে হবে, রাজস্থান নিজেদের শেষ ম্যাচে যাতে হেরে যায় বা জিতলেও একেবারে অল্প ব্যবধানে জেতে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকলেও বেঙ্গালুরুর রানরেট অনেক ঋণাত্মক (-০.৩২৩)। সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের কাছে ৫৪ রানের হার আরও জটিল পরিস্থিতিতে ফেলেছে কোহলিদের। এখন প্লে-অফে জায়গা পেতে হলে বেঙ্গালুরুকে প্রথমত নিশ্চিত করতে হবে, পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা নিশ্চিত করে ফেলা গুজরাটের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা তারা যাতে অনেক বড় ব্যবধানে জেতে।
দ্বিতীয়ত, কোহলিদের আশায় থাকতে হবে আজ রাতে মুখোমুখি হতে যাওয়া দিল্লি ও পাঞ্জাবের কোনো দলই যাতে ১৬ পয়েন্ট না পায়। এই দুই দলের যেকোনো একটি ১৬ পয়েন্ট পেতে পারে। সে কারণে কোহলিরা প্রার্থনায় থাকবেন, আজ রাতে জয়ী দল যাতে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরে যায়।
দিল্লি ক্যাপিটালস
মোস্তাফিজের দিল্লির ভাগ্য এখনো নিজেদের হাতেই আছে। নিজেদের শেষ দুই ম্যাচে পাঞ্জাব ও মুম্বাইকে হারালেই প্লে-অফে জায়গা পাবে তারা। তবে এই দুই ম্যাচের একটিতে হেরেই গেলেই দিল্লিকে প্রার্থনায় থাকতে হবে কলকাতা, বেঙ্গালুরু ও পাঞ্জাব যাতে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরে যায়।
পাঞ্জাব কিংস
দিল্লির মতোই সমীকরণ পাঞ্জাবের—নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই প্লে-অফ। তবে দুই দল আজ মুখোমুখি হওয়ায় সমীকরণটা শেষ পর্যন্ত দুই দলের কোনো একটির জন্য কার্যকর থাকবে। পাঞ্জাবও দুই ম্যাচের কোনো একটিতে হেরে গেলে প্রার্থনায় থাকবে কলকাতা, বেঙ্গালুরু ও দিল্লি যাতে নিজেদের শেষ ম্যাচে হেরে যায়।
সানরাইজার্স হায়দরাবাদ
টানা পাঁচ জয়ের পর টানা পাঁচ হারে এখন প্লে-অফের ক্ষীণ সম্ভাবনা নিয়ে দৌড়াচ্ছে হায়দরাবাদ। নিজেদের শেষ দুই ম্যাচে মুম্বাই ও পাঞ্জাবকে হারালেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট হবে কেইন উইলিয়ামসনের দলের। সে ক্ষেত্রে বেঙ্গালুরু, দিল্লি, পাঞ্জাব ও কলকাতার ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
কলকাতা নাইট রাইডার্স
হায়দরাবাদের সঙ্গে একই নৌকার যাত্রী কলকাতা। পাঞ্জাব ও দিল্লি ম্যাচে হেরে যাওয়া দলও তাদের নৌকায় সঙ্গী হবে। সে ক্ষেত্রে তিন দলই নিজেদের সর্বশেষ ম্যাচে জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট পাবে। সে ক্ষেত্রে আশায় থাকতে হবে, অন্য ম্যাচগুলোর ফল যাতে তাদের পক্ষে যায়।