দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স

আগামী মৌসুমে আইপিএলে ফিরবেন ডি ভিলিয়ার্স!

আবার আইপিএলে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। তাঁকে দেখা যাবে তাঁর সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। তবে আগামী মৌসুমে দলটিতে তিনি কোন ভূমিকায় ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দীর্ঘদিন বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। দলের জন্য অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ক্রিস গেইলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকেও দেওয়া হয়েছে বেঙ্গালুরুর ‘হল অব ফেম’ পুরস্কার।

ডি ভিলিয়ার্সকে আবার বেঙ্গালুরু দলে নিয়ে আসবেন, এমনটা বলেছিলেন বিরাট কোহলি

সে সময় বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী আসরে নতুন কোনো ভূমিকায় বেঙ্গালুরু দলে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে। ভিইউস্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিরাট (কোহলি) এটা এভাবে বলেছে শুনে আমি আনন্দিত। সত্যি বলতে কী, এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি অবশ্যই পরের বছর আইপিএলে থাকব।’

তবে তাঁর ভূমিকা কী হবে, সেটা নিশ্চিত নন ডি ভিলিয়ার্স, ‘আমি নিশ্চিত নই, কী দায়িত্ব থাকবে।’ ২০১৬ সালে বেঙ্গালুরুকে ফাইনালে তোলার কারিগর ছিলেন তিনি। তাঁর ৪২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসেই গুজরাট লায়নসকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে ওঠে বেঙ্গালুরু। তবে ফাইনালে তারা হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

বেঙ্গালুরুর হয়ে ১৭০ ইনিংসে ৩৯.৭১ গড়ে তিন শতক ও ৪০ অর্ধশতকে ৫১৬২ রান করেন ডি ভিলিয়ার্স

প্রিয় দলে আবার ফিরতে মরিয়া ডি ভিলিয়ার্স বলেন, ‘শুনেছি, পরের বছর কিছু খেলা বেঙ্গালুরুতেও হবে। তা হলে আমি আমার দ্বিতীয় শহরে ফিরতে পারব। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভরা গ্যালারিটা আবার দেখতে চাই। ওখানে ফিরতে পারলে ভালো লাগবে। আমি সেটার জন্য উন্মুখ হয়ে আছি।’

বেঙ্গালুরুর হয়ে ১৭০ ইনিংসে ৩৯.৭১ গড়ে তিন শতক ও ৪০ অর্ধশতকে ৫১৬২ রান করেন ডি ভিলিয়ার্স।