
ব্যাটিংটাই আবারও ক্রাইস্টচার্চ টেস্টে পিছিয়ে দিল পাকিস্তানকে। প্রথম ইনিংস ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর পাকিস্তানি বোলাররা নিউজিল্যান্ডকে খুব বড় লিড নিতে দেননি। কিউইদের অলআউট করে দিয়েছিলেন ২০০ রানেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও পাকিস্তানের ব্যাটিং ধসে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ১২৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। হাতে ৩ উইকেট রেখে তৃতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে মিসবাহ-উল-হকের দল।
২১ রানে সামি আসলামের উইকেট হারানোর পর থেকেই আর পথ খুঁজে পায়নি পাকিস্তান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় জুটিটা গড়েছেন বাবর আজম-আজহার আলী, ৩৭ রানের। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার ভাগাভাগি করে নিয়েছেন ৫ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি ও প্রথম ইনিংসের নায়ক কলিন ডি গ্র্যান্ডহোম। সর্বোচ্চ ৩১ রান এসেছে আজহার আলীর। দ্বিতীয় সর্বোচ্চ বাবর আজমের—২৯। দিন শেষে অপরাজিত আছেন আসাদ শফিক ও সোহেল খান। ১৮ বলে ২২ রান করেছেন। শফিক আছেন ৬ রান নিয়ে।
এর আগে ৩ উইকেট ১০৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ডকে ২০০ রানেই গুটিয়ে দেওয়া মূল কৃতিত্ব পারেনি পাকিস্তানি পেসারদের। ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন রাহাত আলী। ৩টি করে উইকেট মোহাম্মদ আমির ও সোহেল খানের। আমিরের ৩/৪৩—নিষেধাজ্ঞা থেকে ফেরার পর টেস্টে তাঁর সবচেয়ে সেরা বোলিং।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান অভিষিক্ত জিৎ রাভালের। সূত্র: রয়টার্স।