রঙিন পোশাকেও ভাগ্য পাল্টাল না ইংল্যান্ডের। ইউনিস খানের বিদায়ী ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেছে তারা। কাল আবুধাবিতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মরগান ও টেলরের দুটি ফিফটির ওপর ভর করে ২১৬ রান তোলে সফরকারীরা। জবাবে মাত্র ১৫ রানেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। একটু পরে শেষবারের মতো রঙিন পোশাক গায়ে জড়ানো ইউনিসও ফিরে যান মাত্র ৯ রান করে। কিন্তু মোহাম্মদ হাফিজের একাদশ সেঞ্চুরি আর বাবর আজমের ফিফটি ৩৮ বল বাকি থাকতেই অনায়াস এক জয় এনে দেয় পাকিস্তানকে। ১৩০ বলে ১০২ রান করা হাফিজই হয়েছেন ম্যাচসেরা।