গুজরাটের ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট নিয়েছেন কলকাতার আন্দ্রে রাসেল
গুজরাটের ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট নিয়েছেন কলকাতার আন্দ্রে রাসেল

আইপিএল

এক ওভারে ৪ উইকেট, ২৫ বলে ৪৮, তবু হেরেছে রাসেলের কলকাতা

মাত্র এক ওভার বোলিং। তবে আন্দ্রে রাসেল দেখালেন রেকর্ড গড়তে এক ওভারই যথেষ্ট। আজ নাবি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ওই এক ওভারেই যে ৪ উইকেট নিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় তারকা। তাতে অনন্য এক রেকর্ডেরও মালিক হয়ে গেলেন রাসেল। স্বীকৃত টি-টোয়েন্টিতে রাসেলের আগে ম্যাচে মাত্র এক ওভার বোলিং করে ৪ উইকেট পাননি অন্য কেউ।

অনন্য এই রেকর্ড গড়েই থামেননি রাসেল। রান তাড়াতেও কী অসাধারণ এক ইনিংসই না খেললেন। তাঁর ২৫ বলের ৪৮ রানের ইনিংসে ভর করেই যে জয়ের সম্ভাবনা নিয়ে শেষ ওভারটা শুরু করতে পেরেছিল কলকাতা। কলকাতার জয়ের স্বপ্ন চূর্ণ রাসেলের বিদায়েই। আলজারি জোসেফের করা শেষ ওভারের দ্বিতীয় বলটি ছিল শর্ট পিচ। সেই বলটা রাসেলের ব্যাট ছুঁয়ে প্রায় ছক্কাই হয়ে গিয়েছিল। কিন্তু ফাইন লেগ থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নিলেন লকি ফার্গুসন। তাতে থামল রাসেলের ১ চার ও ৬ ছক্কার ইনিংসটি। কলকাতার জয়ের স্বপ্নও শেষ যেন তখনই।

ব্যাটিংয়েও গুজরাটকে হতাশার এমন মুহূর্ত উপহার দিয়েছেন রাসেল

৬ বলে ১৮ রানের সমীকরণ নিয়ে ওভারটা শুরু করেছিল রাসেলের কলকাতা। প্রথম বলটা ফুল টস, সেই বলে লং অন দিয়ে কী বিশাল এক ছক্কাই না মারলেন রাসেল। বল আছড়ে পড়ল ৯৬ মিটার দূরে গ্যালারিতে। ৫ বলে ১২ রানের সমীকরণটা রাসেলের বিদায়ে হয়ে যায় ৪ বলে ১২। টিম সাউদি ও উমেশ যাদবরা নিতে পারলেন মোটে ৩ রান। ৮ উইকেটে ১৪৮ রানে থেমে রাসেলের কলকাতা হেরেছে ৮ রানে। আর সপ্তম ম্যাচে ষষ্ঠ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গুজরাট।

রাসেল বল হাতে পেয়েছিলেন গুজরাটের ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম দুই বলে রাসেল ফিরিয়ে দেন অভিনব মনোহর ও লকি ফার্গুসনকে। দুজনই ক্যাচ দিয়েছেন ডিপ মিডউইকেটে রিংকু সিংয়ের হাতে। আলজারি জোসেফ স্বদেশি রাসেলকে হ্যাটট্রিক পেতে দেননি। ১ রান নিয়ে জোসেফ প্রান্ত বদলের পর স্ট্রাইকে এসেই বাউন্ডারি রাহুল তেওয়াতিয়ার। পরের বলে আবারও বড় শট খেলতে গিয়ে সেই রিংকুর হাতেই ক্যাচ দিলেন তেওয়াতিয়া। শেষ বলে আর রিংকুকে বল ছুঁতে দেননি রাসেল। নিজের বলে ফিরতি ক্যাচ নিয়েছেন যশ দয়ালের।

পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গুজরাট

শেষ ওভারে ৪ উইকেট হারানো গুজরাট ৯ উইকেটে করে ১৫৬ রান। সর্বোচ্চ ৬৭ রান এসেছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। তিনে নেমে ৪৯ বলে ৪ চার ও ২ ছক্কায় এই রান করেছেন পান্ডিয়া। ১৮তম ওভারে অধিনায়কের বিদায়ের পর শেষ ১৬ বলে মাত্র ১৮ রান তুলতে পারে গুজরাট।

রান তাড়ায় কলকাতার হয়ে সর্বোচ্চ ইনিংসটা রাসেলেরই। এ ছাড়া বলার মতো রান পেয়েছেন রিংকু। ২৮ বলে ৩৫ রান করেছেন এক ওভারে ৩ ক্যাচ নেওয়া খেলোয়াড় ।