
>* নিউজিল্যান্ড: ২৭৪ ও ২৬/২
* পাকিস্তান: ৩৪৮
প্রথম ইনিংসেই কাজটা এগিয়ে রেখেছিল বোলাররা। নিউজিল্যান্ডকে মাত্র ২৭৪ রানে আটকে দিয়েছিলেন ইয়াসির শাহ-বিলাল আসিফরা। তৃতীয় দিনের শেষ বিকেলেও তারা হাজির। প্রায় সমানে-সমান শেষ হতে যাওয়া দিনে হঠাৎ করেই এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। সেটাও মাত্র ২৬ রান তুলতেই। তৃতীয় দিন শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৪৮ রান পিছিয়ে কিউইরা, হাতে ৮ উইকেট। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৪৮ রানে।
বোলারদের কথা আগে বলা হলো কিন্তু ম্যাচের লাগাম যে পাকিস্তানের হাতে, এর কৃতিত্ব দুই সেঞ্চুরিয়ান আজহার আলী ও আসাদ শফিকের। এঁদের সেঞ্চুরিতেই পাকিস্তান প্রথম ৭৪ রানের লিড পেয়েছে আজ। তবে সেটা আরও বড় হতে পারত। পাকিস্তানের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৬২ রানে, এর মধ্যে ৪টিই অভিষিক্ত অফ স্পিনার উইলিয়াম সমারভিলের।
আজহার ৬২ ও শফিক ২৬ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন। আজহার ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিটা পেয়ে যান লাঞ্চের আগেই। শফিক তাঁর ১২তম সেঞ্চুরিটা পেয়েছেন চা-বিরতির মিনিট বিশেক আগে। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ২০১ রানের জুটি। কিন্তু ২৫৭ বলে ১২ চারে ১৩৪ রান করে আজহার ফেরার পরই আবার বদলে যায় ম্যাচের রং।
বাবর আজম বল কাট করতে গিয়ে দুই পায়ে লাগিয়ে তারপর বোল্ড হয়েছেন। ইয়াসির শাহ তো দুই রান নিতে গিয়ে জুতাই খুলে ফেলেছেন পা থেকে। পাকিস্তান তাই থামে ৩৪৮ রানেই।