এই তো কদিন আগে ভারত-পাকিস্তানকে এক করে দিল ছোট্ট ফাতিমা। নারী বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক বিসমাহ মারুফ তাঁর শিশুকন্যা ফাতিমাকে নিয়েই খেলতে গিয়েছিলেন। নিউজিল্যান্ডে রীতিমতো সেলিব্রিটি হয়ে গিয়েছিল ফাতিমা। তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়েছিল দলগুলোর।
কমনওয়েলথ গেমসেও মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন বিসমাহ। কিন্তু তাঁর কন্যাকে অ্যাক্রিডিটেশন দিতে রাজি হচ্ছেন না গেমসের আয়োজকেরা। এ কারণে গেমসে অংশ নেবেন কি না, এ নিয়ে দোটানায় পড়ে গিয়েছিলেন বিসমাহ।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্টের বার্মিংহামের এই ইভেন্টে শেষ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তবে গেমস ভিলেজের বাইরে এক হোটেলে মা ও কন্যাকে নিয়ে উঠবেন বিসমাহ। মায়ের কাছেই কন্যাকে রেখে যাবেন বিসমাহ। গত বিশ্বকাপেও বিসমাহর মা তাঁদের সফরসঙ্গী হয়েছিলেন।
ক্রিকইনফো জানিয়েছে, বিসমাহর মা ও কন্যার জন্য বাড়তি দুটি অ্যাক্রিডিটেশন চেয়েছিল পিসিবি। কিন্তু কমনওয়েলথ গেমস ফেডারেশন বলেছে, ২২ জনের যে দল যাচ্ছে, সেখান থেকে দুজন কমিয়ে দিতে, তাহলেই এ দুজনকে ভিলেজে থাকার অনুমতি দেওয়া হবে। কিন্তু পিসিবি এতে রাজি হয়নি।