২০১৫ সালে ঠিক ২০১৫ রান নিয়ে টেস্ট ক্রিকেট ছাড়লেন ক্রিস রজার্স। অস্ট্রেলিয়ার ওপেনার ৪২.৮৭ গড়ে ২০১৫ রান করেছেন ২৫ ম্যাচের ৪৮ ইনিংসে। টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ার বছর ও মোট রান সমান—এমন ব্যাটসম্যান আছেন আরেকজন। ভারতের সাবেক ওপেনার ও কোচ অংশুমান গায়কোয়াড় ৪০ ম্যাচের ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছেন ১৯৮৫ সালে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচে একবার ব্যাট করে ১৮ রান, গায়কোয়াড়ের টেস্ট রান থামে ১৯৮৫-তেই। ওয়ানডেতে কাকতালীয় ব্যাপারটা এখনো ঘটেনি। তবে ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ১৯৯৬ সালে নিজের শেষ ওয়ানডেতে ২ রান বেশি করলেই মোট রান ও শেষের বছরটা সমান হয়ে যেত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঞ্জরেকার আউট হয়েছিলেন ৭ রানে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৯৯৬ রান করা পাকিস্তানের আসিফ মুজতবা শেষ ম্যাচ খেলেছেন ১৯৯৭ সালে।