
৪৬ ম্যাচের ১২টি শেষ। এক-চতুর্থাংশ পেরিয়েছে এবারের বিপিএল। দেশের খেলোয়াড়েরা কে কী করলেন, সেটি বিশ্লেষণ করতে হলে সবার আগে আসবে সাত ‘আইকন’ খেলোয়াড়ের নাম। সাত দলের সাত আইকনের প্রত্যেকেই দেশের ক্রিকেটে উজ্জ্বল নাম হলেও ১২ ম্যাচ শেষে তাঁদের পারফরম্যান্স কিন্তু সমান উজ্জ্বল নয়।
টানা দুই হারে আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে রংপুর রাইডার্সের। তবে নিজেদের প্রথম তিন ম্যাচে মাশরাফি বিন মুর্তজার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। উইকেট যদিও পেয়েছেন ২টি, তবু অন্য বোলারদের চেয়ে মাশরাফি নিজেকে এগিয়ে রেখেছেন হিসেবি বোলিং করে। তিন ম্যাচের প্রতিটিতেই ৪ ওভারের কোটা পূরণ করেছেন, নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখেছেন। ৬.০৮ ইকোনমি রেট বলছে, তাঁর ওপর চড়াও হতে দেননি খুব একটা। টি-টোয়েন্টিতে তাঁর মনোযোগ যে কৃপণ বোলিংয়ে কদিন আগে সেটিই বলছিলেন মাশরাফি, ‘টি-টোয়েন্টিতে উইকেটের চেয়ে ডট বলই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান কেমন করছেন, সেটি অবশ্য নির্দিষ্ট করে বলা কঠিন! দলটা তারকাপূর্ণ হওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার বোলিংয়ে ৪ ওভারের কোটাই পূরণ করতে পারছেন না! ৩ ম্যাচে ৮ ওভার বোলিং করে ৭.২৫ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়েও এখনো ঝলক দেখাতে পারেননি সাকিব, করেছেন ৪২ রান। তবে তাঁর দল ভালো করছে। জিতেছে টানা দুই ম্যাচ। সাকিব যদিও প্রায়ই বলেন, নিজের পারফরম্যান্সের চেয়ে তাঁর কাছে দলের সাফল্যটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলে সাকিবের ওপর খুশিই থাকার কথা ঢাকা-সমর্থকদের!
১১, ১১ ও ১৬—চার ম্যাচের তিন ইনিংসে মুশফিকুর রহিমের রান। বিপিএলে এখনো খোলস থেকে বেরোতে পারেননি রাজশাহী কিংসের আইকন। পয়েন্ট তালিকায় তাঁর দলও নেই সুবিধাজনক অবস্থানে। চার ম্যাচের তিনটিতে হেরে রাজশাহী এখন তলানিতে।
গত বিপিএলে খুলনা টাইটানসকে প্রায় একাই টেনেছিলেন মাহমুদউল্লাহ। এবার পুরোপুরি সেটির পুনরাবৃত্তি না হলেও খুলনা অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। সিলেট সিক্সারস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে যে দুটি জয় পেয়েছে খুলনা, দুটিতেই বড় অবদান আছে মাহমুদউল্লাহর। যদিও এখনো তাঁর ব্যাট থেকে আসেনি ফিফটি, কাল চিটাগংয়ের বিপক্ষে করা ৪০ রানই সর্বোচ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলা সৌম্য সরকার এখনো আলো ছড়াতে পারেননি টুর্নামেন্টে। চিটাগংয়ের হয়ে তিন ম্যাচে বাঁহাতি ওপেনারের রান ৪৫। সিলেট সিক্সারসের আইকন সাব্বির রহমানের অবস্থা তো আরও খারাপ। ২*, ৩, ১৬, ০, ১—এই হচ্ছে সাব্বিরের রান। ৫ ম্যাচে গড় ৫.৫! যদিও তাঁর শ্রীলঙ্কান সতীর্থ দানুস্কা গুনাতিলকা কাল বললেন, ‘হ্যাঁ, ও একটু ছন্দ হারিয়ে ফেলেছে। সে খুবই ভালো খেলোয়াড়। নিশ্চিত ও ভালোভাবেই ফিরে আসবে।’
চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপেনার তামিম ইকবাল। একই কারণে এখনো বিপিএল শুরু করতে পারেননি ‘এ প্লাস’ শ্রেণিতে থাকা রাজশাহীর মোস্তাফিজুর রহমানও।
বিপিএলের এখনো যদিও অনেক পথ বাকি। শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টের বাকি পথটা রাঙানোর সুযোগ থাকছে আইকনদের সামনে। সেই সুযোগ তাঁরা নিশ্চয়ই হেলায় হারাবেন না!