বাংলাদেশ দলের তিনটা খেলা হয়ে গেল। একটাতে জিতেছে, আরেকটাতে জিততেও পারত, বাকিটাতে কনভিন্সিংলি হেরেছে। তাও কনভিন্সিংলি হেরেছে সম্ভবত টুর্নামেন্টের সেরা দলের কাছে।
বিশ্বকাপ ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান শুধু দলের মধ্যেই না, এখন পর্যন্ত টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড়। টপ অর্ডারে মুশফিক, সৌম্য, মাহমুদউল্লাহকে কনফিডেন্ট লাগছে। তামিমও প্রথম দুই খেলায় তার রোলে যথাযথ, যদি আমরা মাথায় রাখি ইদানীং তার রোলটা একটু পরিবর্তিত হয়েছে। এখন ঝড় ছোটানোর রোলে আছে সৌম্য, তামিম জোগাচ্ছে সলিডনেস।
বোলিংয়ে আমরা একটু পিছিয়ে আছি অন্য বড় দলগুলোর তুলনায়, এটা মানতেই হবে। বিশেষ করে পেস বোলিংয়ে। কিন্তু এটা এই এক টুর্নামেন্টে বদলানোর সুযোগ নেই। রুবেল ছাড়া আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। যেটা আমরা করতে পারি সেটা হলো হাতে যা আছে তার সেরা ব্যবহারের উপায় খুঁজে বের করা। এবং ফিল্ডিংয়ে বাড়তি চেষ্টা দিয়ে ২০–২৫ রান আটকে দেওয়া প্রতি ম্যাচে। এটা বাংলাদেশকে দিয়ে সম্ভব। শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখে জানবাজি রাখলেই হবে। মনে রাখতে হবে, ফিল্ডিং যতটা টেকনিক্যাল জিনিস ততটাই মানসিক। ফলে দেখা যাচ্ছে বাংলাদেশ ততটা খারাপ করছে না, যতটা এদিক–সেদিক শুনছি।
তবে এটা সত্য, টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের থিংক ট্যাংকেরও চিন্তার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। কোন খেলোয়াড়ের দলে কী রোল, ২০ ওভারে ব্যাটিং করতে নামলে তার কী রোল, ৪০ ওভারে নামলেও একই রোল কি না, ২০ ওভারে দুই উইকেট পড়লে ব্যাটিং অর্ডার যা রাখব, ৪০ ওভারে দুই উইকেট পড়লেও তা একই রাখব কি না, বোলিংয়ে আর কোনো নতুন চিন্তা করা যায় কি না, কাউকে বোলিং অলরাউন্ডার হিসেবে দলে রাখলে ভাবা যেতে পারে তার কাছে ব্যাটিংয়ে আদৌ কতটুকু পাচ্ছি বা তাকে কয় নম্বরে নামাচ্ছি, সিলেকশনে কোনো নতুন চিন্তা করা যায় কি না, এ রকম নানা বিষয় ভাবা যেতে পারে।
আমার মনে হয় না, ভাবনার ঘরে তালা দিয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকা বুদ্ধিমানের কাজ হবে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ দল সেটা করার মতো না। কারণ, এই বাংলাদেশ জয়ের ক্ষুধায় তাড়িত এক নতুন বাংলাদেশ। এরা প্রতিটা জয়ে আরও ক্ষুধার্ত হয়, আর পরাজয়ে হয় স্থির লক্ষ্য।