
এশিয়া কাপে ভারতীয় দলে বিরাট কোহলি নেই কেন—এমন প্রশ্ন তুলে আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে টুর্নামেন্টটির সম্প্রচারক স্টার স্পোর্টস। প্রতিষ্ঠানটি মনে করে, এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টে ভারত ‘সেরা দল’ পাঠায়নি। তবে স্টারের এমন মনোভাবে পাল্টা ক্ষোভ ঝেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা মনে করে, কোন দলে কে খেলবে আর কে খেলবে না, সম্প্রচার সংস্থা ঠিক করে দিতে পারে না। সেটি পুরোপুরি সেই দেশের বোর্ড বা দলের নির্বাচক কমিটির দায়িত্ব।
স্টার স্পোর্টসের দাবি, এশিয়া কাপে কোহলি না থাকায় তাদের বিজ্ঞাপন বাজারে প্রভাব পড়ছে। এ নিয়ে এসিসির কাছে ইমেইলও পাঠিয়েছে তারা। এসিসি নাকি ভারতীয় দল নির্বাচনের সময়ই বিসিসিআইয়ের কাছে কোহলিকে দলে রাখার আরজি জানিয়েছিল।
এসিসি স্টার স্পোর্টসের এই হতাশার কথা বিসিসিআইয়ের কাছে তুলে ধরেছে। এসিসির শীর্ষ কর্মকর্তা থিসুথ পেরেরার কাছে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জহুরি এক মেইলে বলেছেন, এটা জেনে রাখুন, দল নির্বাচনের দায়িত্ব পুরোপুরি বোর্ড অনুমোদিত নির্বাচক কমিটির ওপর। এ নিয়ে কোনো সম্প্রচার সংস্থার হস্তক্ষেপ অযাচিত।
এদিকে ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘ইংল্যান্ড সফরের সময়ই এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়। ওই সময় ভারতীয় ক্রিকেটারদের খেলার চাপ ব্যবস্থাপনা নিয়ে আলাপ-আলোচনা হয়। তখনই সিদ্ধান্ত হয় এশিয়া কাপে বিরাটকে বিশ্রাম দেওয়ার।’
ভারতের এমনিতেই ঠাসা সূচি থাকে। এশিয়া কাপ শুরুর মাত্র কদিন আগে ইংল্যান্ড সফর শেষ হয়েছে। আবার এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আছে ভারতের।