প্রতিপক্ষ তুলে ফেলেছে তিন শর বেশি রান। পরশু ভারতের বিপক্ষে কেন রিচার্ডসন নিজেও কম রান দেননি। অস্ট্রেলিয়ার পেসার ১০ ওভারে ৬৮ রানের খরচায় নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডেতে রিচার্ডসনের চেয়ে বেশি রান খরচ করে ৫ বা তার বেশি উইকেট নেওয়া বোলার আছে আরও তিনজন। এঁদের একজন রিচার্ডসনের স্বদেশি জেসন গিলেস্পি। ২০০২ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ৭০ রানে ৫ উইকেট পান গিলেস্পি। ২০০৯ সাল পর্যন্ত এ তালিকায় সবার ওপরেই ছিল ক্যারিয়ারের শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া এই অস্ট্রেলীয়র নাম। ২০০৯ সালে এডিনবরায় অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৭৩ রানে ৫ উইকেট নেন স্কটল্যান্ডের পেসার গর্ডন গোডি। গত বিশ্বকাপে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানে ৫ উইকেট নিয়ে গোডি ও গিলেস্পির মাঝে নাম লেখান ইংল্যান্ডের স্টিভেন ফিন।