মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন

শ্রীলঙ্কা সিরিজ

চট্টগ্রাম টেস্টের দলে মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। চোটের কারণে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ছিটকে পড়ায় বাড়তি ক্রিকেটার হিসেবে মোসাদ্দেককে দলে নেওয়া হয়েছে। এর আগে মিরাজের বদলি হিসেবে অফ স্পিনার নাঈম হাসানকে দলে ডাক হয়।  

তবে দুজনের মধ্যে কে মিরাজের জায়গায় খেলবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রস্তুতি ক্যাম্পের ওপর। আজ মোসাদ্দেককে দলে নেওয়ার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘একজন অলরাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মিরাজের চোট মোসাদ্দেকের সুযোগ করে দিয়েছে

২৬ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য ব্যাটে–বলে ধারাবাহিক ছিলেন আবাহনীর অধিনায়ক। ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রান করেছেন তিনি। ১৪ ইনিংসে বোলিং করে মোসাদ্দেকের শিকার ১৬ উইকেট।

আগামী ৮ মে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে দিমুথ করুনারত্নের দল। বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে দুই দল। ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টেস্ট।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।