
জাতীয় দলের হয়ে খেলেছেন ৮টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি। তবে ২০১৬ সালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি শুভাগত হোম চৌধুরীর।
জাতীয় দল নাকি এখন আর তাঁর ভাবনায়ও নেই! কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে সফল এই অলরাউন্ডারের জোড়া শতকেই কাল বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল জিতেছে বিসিএলের শিরোপা। ফাইনালের পর শুভাগত কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে—
অভিনন্দন, বিসিএলের ফাইনালে তো দলকে একাই জিতিয়ে দিলেন...
শুভাগত হোম চৌধুরী: আমি সেঞ্চুরি করেছি বলেই যে আমার একার পারফরম্যান্সে দল শিরোপা জিতেছে, তা কিন্তু নয়। অনেকেরই এতে অবদান আছে। আবু হায়দার ৫ উইকেট নিয়েছে, মিঠুন দুই শ করেছে। পুরো টুর্নামেন্টেই একেক সময় আমাদের দলের একেকজন পারফর্ম করেছে। সবারই অবদান ছিল।
ম্যাচটা তো প্রায় হেরেই গিয়েছিলেন। আপনার শতক ম্যাচ ঘুরিয়ে দিল। নিজের ইনিংস নিয়ে কিছু বলুন...
শুভাগত: যেহেতু উইকেট পড়ে গিয়েছিল, তাই শুরুতে টিকে থাকার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে দেখেছি এই উইকেটে একটু থিতু হয়ে গেলে শট খেলা সহজ হয়। আজও (গতকাল) সেটাই করার চেষ্টা করেছি।
জাকের আলী একটু ধরে খেললেও আপনি খেলেছেন প্রায় ওয়ানডে মেজাজের ইনিংস...
শুভাগত: হ্যাঁ, এটাই পরিকল্পনা ছিল। তবে মিরপুরের পঞ্চম দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ নয়। এখানে চাইলেই সব শট খেলা যায় না। একটু বেছে খেলতে হয়। আমি আমার জায়গায় বল আসার অপেক্ষায় ছিলাম। আর জাকেরকে বলছিলাম যেন উইকেট বিলিয়ে না দেয়। চ্যাম্পিয়ন দলের হয়ে পারফর্ম করা, ফাইনাল ম্যাচে ভালো খেলার আলাদা আনন্দ আছে।
গত জুলাইয়ের শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও খেলা হয়নি। বিসিএলে ভালো করার পর কি আবার জাতীয় দলে ফেরার আশা করছেন?
শুভাগত: আমি এখন আর জাতীয় দল নিয়ে ভাবি না। ঘরোয়া ক্রিকেটে যে টুর্নামেন্টে খেলার সুযোগ পাই, সেগুলো নিয়েই চিন্তা করি। এখানেই ভালো করার চেষ্টা করি।
আপনার মতো যাঁরা আছেন, তাঁদের একটা প্রক্রিয়ার মধ্যে রাখার চিন্তা করছেন নির্বাচকেরা। এটাকে কীভাবে দেখেন?
শুভাগত: এটা আমার ভাবনার বিষয় নয়। আমি আমার মতো খেলে যেতে চাই। পারফর্ম করে যেতে চাই। আমার নিয়ন্ত্রণ তো এটুকুই আছে, তা–ই না?
ফর্ম ও ফিটনেস মিলিয়ে কি এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন?
শুভাগত: নিজের ফিটনেস নিয়ে সব সময়ই সন্তুষ্ট ছিলাম। সব সময় চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখতে। ফিট থাকলে ভালো পারফরম্যান্সের সম্ভাবনা বাড়ে। এর মানে এই নয় যে সব সময়ই পারফরম্যান্স ভালো হবে, তবে ধারাবাহিকতা থাকে। যখন খেলা থাকে না, তখন এটার দিকেই মনোযোগ দিই।
সামনে তো বিপিএল, কোনো ব্যক্তিগত লক্ষ্য?
শুভাগত: আমি বিসিএলের ওয়ানডে খেলব না। একটু পারিবারিক সমস্যা আছে। তাই বিপিএলের দিকেই তাকিয়ে আছি। আশা করি এবারের বিপিএলটা ভালো যাবে।