অধিনায়কত্বে ফিরেই চেন্নাইকে জেতালেন ধোনি
অধিনায়কত্বে ফিরেই চেন্নাইকে জেতালেন ধোনি

জাদেজাকে সরিয়ে অধিনায়কত্বে কেন ফেরানো হলো ধোনিকে

আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু গোটা আইপিএলে চেন্নাই খুব একটা সুবিধা করতে পারছিল না। হঠাৎ করেই কাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাইয়ের অধিনায়কত্বে এল বদল। ধোনিকে ফেরানো হয় অধিনায়কত্বে। চেন্নাইয়ের তরফ থেকে জানানো হয়েছে, নিজের খেলায় মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছেড়েছেন জাদেজা। কিন্তু মৌসুমের মাঝপথে হঠাৎ করে তাঁর ‘নিজের খেলায় মনোযোগ’ দেওয়ার কথা মনে হলো কেন! কাল জয়ের পর এর ব্যাখ্যা দিয়েছেন ধোনি।

ধোনি বলেছেন, সিদ্ধান্তটা ঠিক হঠাৎ করে নেওয়া হয়নি, ‘মৌসুম শুরু হওয়ার আগেই আমি চেন্নাইকে জানিয়েছিলাম, অধিনায়ক থাকব না। জাদেজা জানত দায়িত্বটা ওকেই নিতে হবে। সে মানসিকভাবে তৈরি হওয়ার সময় পেয়েছিল। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

জাদেজাকে আইপিএলে অধিনায়কত্বে নানাভাবে সহায়তা করেছেন ধোনি

জাজেদাকে আইপিএলে যথেষ্ট সাহায্য করেছেন ধোনি। অনেক সময় মাঠেই নানা পরামর্শ দিয়েছেন। জাদেজাও ধোনির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন। মাঠে সব সময়ই মনে হয়ছে ছায়া-অধিনায়কত্বটা যেন ধোনিই করছেন। এ নিয়ে জাদেজার সমালোচনাও কম হয়নি। তবে এ বিষয়ে ধোনির ব্যাখ্যা খুব পরিষ্কার, ‘জাদেজা প্রথমবারের মতো অধিনায়ক হয়েছে। ওকে কয়েকটা ম্যাচে পরামর্শ দিয়েছি। নানাভাবে সাহায্য করেছি। পরে ওকে বলেছি, সব দায়িত্ব ওকেই নিতে হবে। কেউ যেন না বলে যে কেবল টস করতে যাওয়াই তোমার কাজ। অধিনায়কত্ব এমন একটা জিনিস, যেটি রপ্ত করতে হয়। এটা চামচে করে নিয়ে খাইয়ে দেওয়ার কিছু নয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্য করা যায়। এরপর যা দায়িত্ব, নিজেকেই নিতে হয়।’

অধিনায়কত্ব চামচ দিয়ে খাইয়ে দেওয়ার কিছু নয়, বলেছেন ধোনি

আট ম্যাচে অধিনায়কত্ব করেছেন জাদেজা। কিন্তু চেন্নাই জিতেছে মাত্র দুটি ম্যাচ। এমন টানা ব্যর্থতার মধ্যেই কি ধোনি নিজের কাঁধে নেতৃত্বের দায়িত্বটা তুলে নিলেন? ধোনি বলেছেন, ‘জাদেজার খেলা খারাপ হয়ে যাচ্ছিল। ওর মাথায় সারাক্ষণ অধিনায়কত্ব ঘুরেছে। এর প্রভাব খেলায় পড়ছিল। এ মুহূর্তে জাদেজার মতো একজন বোলার, ব্যাটসম্যান, ফিল্ডার, খুব করেই চেন্নাইয়ের দরকার। তাই আমিই অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।’