আইপিএল মুখোমুখি লড়াইয়ে ফেলছে বেজোস ও আম্বানিকে
আইপিএল মুখোমুখি লড়াইয়ে ফেলছে বেজোস ও আম্বানিকে

জেফ বেজোস বনাম মুকেশ আম্বানি—কী নিয়ে তাঁদের টানাটানি

ব্লুমবার্গ ও ফোর্বসের গত মাসের তালিকা অনুযায়ী একজনের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। অন্যজনের ১০ হাজার ১০০ কোটি। একজন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী, অন্যজন এশিয়ার। একজন জেফ বেজোস—সম্প্রচারক প্রতিষ্ঠান আমাজন প্রাইমের প্রতিষ্ঠাতা, অন্যজন মুকেশ আম্বানি—ভারতীয় মুঠোফোন কোম্পানি রিলায়েন্সের সিংহভাগের মালিক।

আইপিএল এ দুজনকে একটা লড়াইয়ে মুখোমুখি করে দিচ্ছে। লড়াইয়ের কারণটাও অর্থলগ্নিসংক্রান্ত। আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ার লড়াই যে শুরু হবে আগামী জুনে।

ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগটি তো শুধু ক্রিকেটের জন্যই নয়, বলিউডের গ্ল্যামার আর বিশাল অঙ্কের অর্থের ঝনঝনানি মিলিয়েই সেটির আকর্ষণ এত বেশি। আইপিএলের সম্প্রচারের স্বত্ব পাওয়ার লড়াইয়েও যে বিশ্বের তাবৎ বড় ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়বেন, সে তো সহজেই অনুমেয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানাচ্ছে, লড়াইটা হবে বেজোস আর আম্বানির মধ্যে।

আইপিএল মানে তো শুধু ক্রিকেট নয়, বলিউডের গ্ল্যামার আর টাকার ঝনঝনানি মিলিয়ে অন্যরকম এক আকর্ষণ সেটি

আগামী জুনে আইপিএলের ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়ের সম্প্রচার স্বত্বের নিলাম হবে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এরই মধ্যে টেন্ডারের আমন্ত্রণে শর্তাবলিও জানিয়ে দিয়েছে।

এবারের আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলামের একটা আকর্ষণীয় দিক, এবার টিভি আর অনলাইন স্ট্রিমিংয়ের জন্য সম্প্রচার স্বত্ব আলাদাভাবে বিক্রি করা হবে।

কখন হবে নিলাম?

ইন্ডিয়া টাইমসের খবর, আগামী ১২ জুন হবে নিলাম। নিলামের সঙ্গে জড়িতদের উদ্ধৃত করে ইন্ডিয়া টাইমস জানাচ্ছে, সেখানে ৭০০ কোটি ডলারের নিলাম হতে পারে বলে। গুঞ্জন, নিলামের পুরো প্রক্রিয়াটা দুই দিন ধরে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

নিলামে শুধু আমাজন আর রিলায়েন্সই নয়, ওয়াল্ট ডিজনির সহ মালিকানাধীন স্টার ইন্ডিয়া এবং ডিজনি হটস্টারও নিলামে অংশ নেবে বলে শোনা যাচ্ছে। সনি পিকচারস ও জি এন্টারটেইনমেন্টের সমন্বয়ে গঠিত নতুন কোম্পানিও নিলামে অংশ নিতে পারে। ফেসবুক আর ইউটিউব নিলামে অংশ নেওয়ার কথা ভাবছে বলেও জানাচ্ছে ইন্ডিয়া টাইমস।