টি–টোয়েন্টি

টি-টোয়েন্টি সিরিজও আফগানদের

অবিস্মরণীয় একটা সময় কাটছে আফগানিস্তান ক্রিকেট দলের। কাল বুলাওয়েতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানরা। সিরিজটাও জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।
ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেওয়ার পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই, আফগানিস্তানজুড়ে উৎসবের আবির ছড়িয়ে পড়ার কথা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পক্ষে দ্রুততম ২১ বলে ফিফটি করে দলকে ১৯০ রানের বড় স্কোর এনে দিয়েছিলেন শন উইলিয়ামস। লড়াই করার বড় পুঁজিই পেয়েছিলেন জিম্বাবুয়ের বোলাররা। কিন্তু ওপেনিং জুটিতে ৯৫ রান তুলেই স্বাগতিক দলের পথকে কিছুটা কঠিন করে দেন উসমান গনি ও মোহাম্মদ শাহজাদ। তবে এক ওভারের ব্যবধানে মোহাম্মদ নবী ও নজিবুল্লাহ জাদরানের উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে যায় আফগানিস্তান। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ৩১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন ওপেনার গুলবদিন নাইব। তথ্যসূত্র: ক্রিকইনফো।