২৮০ বলে এসেছে মুশফিকের অষ্টম টেস্ট শতক
২৮০ বলে এসেছে মুশফিকের অষ্টম টেস্ট শতক

নিজের ধীরতম শতকে মুশফিকের ফেরা

দিনের প্রথম সেশনেই একবার ব্যাট তুলতে হয়েছিল মুশফিকুর রহিমকে। টেস্ট ক্রিকেটে মুশফিকই পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি। দ্বিতীয় সেশনে মুশফিক আরও একবার ব্যাট উঁচিয়ে ধরলেন। মুশফিকের এবারের উদ্‌যাপনটা টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক উপলক্ষে।

নিজের ক্যারিয়ারের মন্থরতম শতকও এটি। তিন অঙ্কের জন্য ২৭০ বল খেলেছেন তিনি। ম্যারাথন ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ৪টি। সময়ের হিসাবে সাত ঘণ্টার বেশি ব্যাটিং করেছেন তিনি। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ২৩৫ বল খেলে করা শতরানটি ছিল মুশফিকের মন্থরতম।

টেস্ট ক্রিকেটে মুশফিকের শতরানও এল দুই বছর অপেক্ষার পর। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩ রানের অপরাজিত ইনিংসটি ছিল মুশফিকের সর্বশেষ শতক। এরপর শতরানের খুব কাছে এসেছিল গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই টেস্টে তিনি ৯১ রান করে আউট হয়েছিলেন।

দুই বছর পর টেস্টে মুশফিকের শতরান

এর পর থেকেই মুশফিক ভুগছিলেন রানখরায়। সর্বশেষ ৯ ইনিংসে মুশফিকের অর্ধশতক ছিল একটি। সে কারণে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে এই শতরানটি মুশফিকের জন্য স্বস্তির সুবাতাস বয়ে আনবে।

স্বস্তি পাবে বাংলাদেশ দলও। দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশ দল দ্রুত দুই উইকেট হারিয়ে বসে। কাসুন রাজিতার করা ১৩৪তম ওভারের প্রথম বলে কাট শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন লিটন। ৮৮ রান করা লিটন ততক্ষণ পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। বাইরের বলটি তাড়া না করলে হয়তো শতক হতে পারত তাঁরও।

সেখানে থামলেও হতো। ১৩৩ রান নিয়ে আহত অবসরে যাওয়া তামিম ইকবাল ক্রিজে এসে আউট হন ঠিক পরের বলেই। রাজিতার রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলটি ড্রাইভ করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল ঠিকই স্টাম্প খুঁজে নেয়।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে ৩৬ রানের সংক্ষিপ্ত জুটি গড়েন মুশফিক। যেখানে সাকিবেরই অবদান ২৬ রান। কিন্তু সাকিবের আউটে মুশফিকের শতকের অপেক্ষা আরও বাড়ে। অবশেষে অফ স্পিনার নাঈম হাসানের সঙ্গে গড়া জুটিতে আসে মুশফিকের কাঙ্ক্ষিত শতক।