নতুন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার
নতুন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার

নাহিদার রেকর্ড, জিম্বাবুয়েকে ধবলধোলাই মেয়েদের

২৩৬ বল ও ৮ উইকেট; ১৫৩ বল ও ৯ উইকেট—আগের দুই ম্যাচে জিম্বাবুয়ের নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের জয়ের ব্যবধান ছিল এমন। তৃতীয় ম্যাচেও বাংলাদেশ পেল বড় জয়। বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৭২ রানে আটকে দেওয়ার পর বাংলাদেশ জিতেছে ১৯০ বল ও ৭ উইকেট বাকি রেখে। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিটা দারুণ হয়েছে বাংলাদেশের।

আজ একটা রেকর্ড গড়েছেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ক্যারিয়ারে প্রথম ও বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর সিরিজে নিয়েছেন ১১টি উইকেট—৩ ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ।

টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে আজ প্রথম উইকেট হারিয়েছে সপ্তম ওভারে। মোদেস্টার মুপাকচিওয়া হন রানআউট। দশম ওভারে নাহিদার বলে এলবিডব্লু হন ৩ নম্বরে আসা অ্যাশলি এনদিরায়া, দলীয় ৩৫ রানের মাথায়। জিম্বাবুয়ে ইনিংসে এরপরই নামে ধস। সে ওভারেই অধিনায়ক মেরি-এন মুসোন্দাকেও এলবিডব্লু করেন নাহিদা।

আরেকটি বড় জয় পেয়েছে বাংলাদেশ

আজ নাহিদার নেওয়া ৫ উইকেটের ৩টিই এসেছে এলবিডব্লু থেকে, বাকি দুটি বোল্ড। তাসমিন গ্রেঞ্জারকে বোল্ড করে নাহিদা পান পঞ্চম উইকেটটি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ মেডেন করেছেন নাহিদা, ৫ উইকেট নিতে খরচ করেছেন ২১ রান। নাহিদার আগে বাংলাদেশ নারী দলের একমাত্র বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন খাদিজাতুল কুবরা, ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

নাহিদা আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। সব মিলিয়ে ১১ উইকেট নিতে তিনি গড়ে খরচ করেছেন মাত্র ৪.৮১ করে রান। কোনো সিরিজে বাংলাদেশ নারী দলের কোনো বোলার এর আগে এত কম রান দিয়ে এতগুলো উইকেট নেননি। সিরিজে এর আগে বাংলাদেশ নারী দলের হয়ে ১০ বা এর বেশি উইকেট নিয়েছিলেন শুধু খাদিজাই। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি নিয়েছিলেন ১১টি উইকেট, তবে সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ।

আজ নাহিদার ৫ উইকেটের সঙ্গে দুটি করে নিয়েছেন অভিষেক হওয়া ফারিহা ইসলাম ও রুমানা আহমেদ। ফারিহা খরচ করেছেন ১৭ রান, রুমানা দিয়েছেন মাত্র ৭ রান। জিম্বাবুয়ের হয়ে আজ দুই অঙ্ক ছুঁয়েছেন একজন—ওপেনার শের্ন মেয়ার্স। ২৮তম ওভারে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ৬১ বলে ৩৯ রান। জিম্বাবুয়ে অলআউট হয় ২৭.২ ওভারে।

ওয়ানডে অভিষেক হয়েছে ফারিহা ইসলামের

রান তাড়ায় ৩২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ২৪ বলে ১০ রান করে ফেরেন নুজহাত তাসনিয়া। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ওপেনিংয়ে নামা মুর্শিদা খাতুন যোগ করেন আরও ৩২ রান। নিগার ২৭ বলে ১২ রান করে ফিরলেও ফারজানা হককে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুর্শিদা, যিনি অপরাজিত থাকেন ৪৮ বলে ৩৯ রান করে।

২১ নভেম্বর হারারেতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে থাকা অন্য দলগুলো হলো থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল যাবে পরের পর্ব সুপার সিক্সে। সেখানকার শীর্ষ তিনটি দল সুযোগ পাবে আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ খেলার। এখন পর্যন্ত নারীদের ওয়ানডে বিশ্বকাপে কখনোই খেলেনি বাংলাদেশ।