শতকের পর জস বাটলার
শতকের পর জস বাটলার

আইপিএল

ফাইনালে কোহলিকে পেছনে ফেলার হাতছানি বাটলারের সামনে

আইপিএলের এ মৌসুমের পুরোটাই দারুণ খেলেছেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা অস্ত্রই হয়ে উঠেছেন তিনি। তিনটি শতক হাঁকানোর পর প্রথম পর্বের শেষ দিকে যেন একটু বিশ্রামই করছিলেন। এরপর দুই কোয়ালিফায়ারেই জ্বলে উঠল তাঁর ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে এ মৌসুমে চতুর্থ শতকটি তুলে নিয়ে অনন্য এক রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ইংলিশ তারকা।

আজ ফাইনালে গুজরাট টাইটানসের বিপক্ষে আরেকটি শতরান করলেই আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ শতকের রেকর্ডে বিরাট কোহলিকে পেছনে ফেলবেন বাটলার। ২০১৬ আইপিএলে বিরাট কোহলি করেছিলেন চারটি শতক।

২০১৬ আইপিএলে কোহলি ৯৭৩ রান করেছিলেন কোহলি, পেয়েছিলেন চারটি শতক

২০১৬ সালের ওই আইপিএলে কোহলি করেছিলেন ৯৭৩ রান। বাটলার এবারের আসরে করেছেন ৮২৪ রান। আইপিএলের এক মৌসুমে রানের দিক দিয়েও কোহলিকে ছাড়িয়ে যেতে হলে তাই ফাইনালে ১৫০ রানের ইনিংস খেলতে হবে বাটলারকে। অবশ্য বাটলারের যে ফর্ম, তাতে এটিকে একেবারে অবাস্তব বলা যাচ্ছে না। অবশ্য ২০১৬ সালে কোহলি খেলেছিলেন ১৬টি ম্যাচ, আজকের ফাইনালটি এ মৌসুমে হতে যাচ্ছে বাটলারের ১৭তম ম্যাচ।

ফাইনালে বাটলারের সামনে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

গত শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে শতক হাঁকিয়ে আইপিএল ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলের এক মৌসুমে ৮০০ রানের মালিক হয়ে যান বাটলার। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের বিপক্ষে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর বিপক্ষে করছেন অপরাজিত ১০৬।

আইপিএলে ২০১৬ সাল থেকেই খেলছেন বাটলার। প্রথম মৌসুমে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। এর পর থেকেই রাজস্থানের তিনি। এখন পর্যন্ত খেলেছেন ৮১ ম্যাচ। রান করেছেন ২৭৯২। ১৫০.৪৩ স্ট্রাইক রেটে ৫টি শতক আর ১৫টি অর্ধশতক তাঁর।

বেঙ্গালুরু বিপক্ষে শতকের পর বাটলার

গত মৌসুমে টি-টোয়েন্টি ক্যারিয়ারেরই প্রথম শতকটি পান, এরপর তো এবার পেলেন চারটি! ২০১৮ সালেও দুর্দান্ত ছিলেন তিনি। ১৩ ম্যাচে করেছিলেন ৫৪৮ রান। ১৫৫.২৪ স্ট্রাইক রেটে ৫টি অর্ধশতক করেছিলেন তিনি। এর মধ্যে একটি ছিল অপরাজিত ৯৫ রানের ইনিংস।

২০১৯ ও ২০২০—দুই মৌসুমেই তিন শর বেশি রান করেন এই ইংলিশ উইকেটকিপার–ব্যাটসম্যান। ২০১৬ থেকে এখন পর্যন্ত কোনো মৌসুমেই কখনো আড়াই শর নিচে নামেনি বাটলারের রান। আইপিএলের অন্যতম সেরা এই পারফরমার গড়ে দিতে পারেন আজকের ফাইনালের পার্থক্য—এটা বলাই যায়।