
আগামী মাসে যুক্তরাষ্ট্রে ক্রিকেট অল স্টারস সিরিজ খেলতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। নেটে নিজেকে ঝালাই করে নিচ্ছেন। এরই ফাঁকে এক সাক্ষাৎকারে ওয়ানডেতে রান বন্যা নিয়ে নিজের মতামত জানালেন। কিন্তু টেন্ডুলকারের সেই কথা বিভ্রান্তি ছড়াল। কথাটা যে আসলেই বিভ্রান্তিকর।
টেন্ডুলকার বলেছেন, ‘পার্থক্যটা সৃষ্টি হয়েছে নতুন নিয়মের কারণে। আমি যখন খেলতাম, তখন পুরো ৫০ ওভার জুড়েই চারজন ফিল্ডার আউটফিল্ডে থাকত। পাওয়ার প্লেতে অবশ্য ফিল্ডারদের অবস্থান পরিবর্তন করা যেত। কিন্তু এখন তো প্রায় (৫০ ওভারের) পুরো নিয়মই পাল্টে গেছে। আপনি এখন ৩০ গজের বাইরে মাত্র চারজন রাখতে পারেন। এতে বোলারদের ওপর বেশ চাপ পড়ছে। মাত্র চারজন ফিল্ডার বাইরে থাকলে ব্যাটসম্যানরা চার-ছক্কা মারার অনেক সুযোগ পাচ্ছে, বিশেষ করে যারা ঝুঁকি নিতে পছন্দ করে।’
টি-টোয়েন্টির একটা প্রভাব তো আছেই, তবে সবচেয়ে বড় প্রভাব ফিল্ডিং বাধ্যবাধকতার বলেই মনে করেন টেন্ডুলকার, ‘টি-টোয়েন্টিও অবশ্য কিছুটা ভূমিকা রাখছে এতে, ব্যাটসম্যানরা এমনও অনেক শট খেলছে যা আগে কেউ খেলত না। গত তিন বছরের পরিসংখ্যানের দিকে তাকালেই তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। অস্ট্রেলিয়ার মাটিতে ৩২০-এর বেশি রান হয়েছে এমন ম্যাচগুলোর দিকে তাকান। যখন দেখবেন গত ২০ বছরে যা হয়নি, তা গত দুই বছরে হয়েছে, তখন বুঝবেন নতুন নিয়মের কারণেই এটি ঘটেছে।’
টেন্ডুলকারের এমন সরলীকরণের পেছনে যুক্তি রয়েছে। টি-টোয়েন্টির আবির্ভাব ব্যাটসম্যানদের মানসিকতায় এনে দিয়েছে অনেক বড় পরিবর্তন। কিন্তু নিয়ম পরিবর্তনের যে কথা বললেন টেন্ডুলকার তা পুরোটা মেনে নেওয়া যায় না। কারণ ওয়ানডেতে ফিল্ডিংয়ের বাধ্যবাধকতা কিন্তু নতুন কিছু নয়। ‘আমি যখন খেলতাম’ বলে টেন্ডুলকার যে সময়টা আলাদা করতে চাইছেন। অথচ টেন্ডুলকার নিজেও এই সুবিধা ভোগ করেছেন। নব্বইয়ের দশকের শুরুর দিকেই প্রথম ১৫ ওভারে মাত্র ২ জন ফিল্ডার ৩০ গজের বাইরে রেখে বোলিং করার নিয়ম চালু করা হয়েছিল।
নানা সময়ে এই নিয়ম বদলেছে ঠিকই, কিন্তু টেন্ডুলকারও এর সুবিধা পেয়ে এসেছেন। ফলে তাঁর সময়ে ‘পুরো ৫০ ওভারজুড়েই চারজন ফিল্ডার আউটফিল্ডে থাকত’ এই তথ্যটাও টেন্ডুলকার ভুল দিয়েছেন।
গত জুলাইয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিল্ডিং বাধ্যবাধকতার নিয়ম আবারও পাল্টেছে। এই নিয়মে ৪০ ওভারের পর থেকে ৩০ গজের বাইরে পাঁচজন ফিল্ডার রাখার নিয়মটি আবারও ফিরিয়ে আনা হয়েছে। যে দিকে ইঙ্গিত করে ধোনি বলেছিলেন, ইনিংসের শেষ দিকে এখন রান নেওয়া কঠিন। অথচ টেন্ডুলকার বলছেন, নতুন নিয়মে রান নেওয়া সহজ। একেবারে ধোনির বিপরীত মন্তব্য করলেন তিনি। সূত্র: ক্রিকইনফো।