জাতীয় দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক
জাতীয় দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক

বিসিবির নির্বাচক প্যানেলে আবদুর রাজ্জাক

করোনাকালে দীর্ঘ ১০ মাস পর আজ পরিচালনা পর্ষদের বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে হওয়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার অন্যতম বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে জাতীয় দলের নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা। মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে তিনি হবেন তৃতীয় নির্বাচক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সভার পর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক

নতুন দায়িত্ব পেয়ে অভিভূত দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলা অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। প্রথম আলোকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আকরাম ভাই (ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান) আমাকে ফোনে খবরটা জানিয়েছেন। এ রকম একটা খবর পেয়ে আসলেই খুব ভালো লাগছে। আশা করি দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারব।’ নির্বাচকের দায়িত্ব পেয়ে গেলেও এখনো রাজ্জাক খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেননি। এ ব্যাপারে জানতে চাইলে তাঁর উত্তর, ‘মাত্রই খবরটা পেলাম। আনুষ্ঠানিকভাবে চিঠি পেলে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে পৌঁছাব।’

১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে।
বিসিবির অনলাইন সভায় যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের টিকার আওতায় এনে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।