বিয়ে করে এসেই ভয়ংকর ডেভন কনওয়ে
বিয়ে করে এসেই ভয়ংকর ডেভন কনওয়ে

ব্যাটিংয়ে কনওয়ে, বোলিংয়ে মঈন ...মোস্তাফিজহীন দিল্লির বিপক্ষে বড় জয় চেন্নাইয়ের

বেশ বড় জয় দিয়েই জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানকে বাইরে রেখে নেমেছিল দিল্লি। হারল তারা ৯১ রানে। এই হারে কঠিন হয়ে গেছে দিল্লির প্লে–অফে যাওয়ার পথ। ম্যাচটি জিতলে হয়তো শেষ চারের একটা সম্ভাবনা ছিল তাদের। কিন্তু সেটি হয়নি। আজ জিতে কলকাতাকে নয়ে ঠেলে চেন্নাই উঠে এসেছে পয়েন্ট তালিকার আটে।

প্রথমে ব্যাটিং করে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তোলে চেন্নাই। ১১০ রানের ওপেনিং জুটিতে কনওয়ে করেন ৪৯ বলে ৮৭। তাঁর ব্যাট থেকে আসে ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। রুতুরাজ ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৩ বলে করেন ৪১। এবারের আইপিএলে চেন্নাইয়ের উদ্বোধনী জুটিতে রান আসেনি। টানা ব্যর্থ হয়েছেন রুতুরাজ। রবিন উথাপ্পাও রান পাননি। আজ কনওয়েকে পাঠানো হয়েছিল রুতুরাজের সঙ্গী করে। কনওয়ের আজই খেললেন দুর্দান্ত ইনিংসটি। কনওয়ে কিছুদিন আগেই বিয়ে করার জন্য দেশে ফিরেছিলেন। ফেরার পরপরই ভয়ংকর তিনি। শতরান পেতেই পারতেন। কিন্তু ভুল শট নির্বাচনে শেষ হয় তাঁর দারুণ ইনিংসটি। উদ্বোধনী জুটিতেই নিজেদের কাজটা অনেক দূর এগিয়ে রেখেছিল চেন্নাই।

শতরানও পেতে পারতেন কনওয়ে

উদ্বোধনী জুটিতেই বড় রান উঠে যাওয়ায় বাকি ব্যাটসম্যানরা চাপমুক্ত হয়ে খেলেছেন। শিবম দুবে ১৯ বলে ৩২ আর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৮ বলে ২১ রানের দুটি ইনিংসই বড় সংগ্রহ এনে দেয় চেন্নাইকে। ধোনির ইনিংসটি আলাদা নজর কেড়েছে। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।

১৩ রানে ৩ উইকেট নিয়ে শেষ কাজটা করেছেন মঈন আলী

দিল্লি আজ কোনোভাবেই লড়াইয়ে ছিল না। পৃথ্বী শ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে। তাঁর বদলে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন শ্রীকর ভরত। কিন্তু কিছুই করতে পারেননি। ডেভিড ওয়ার্নারও আজ ব্যর্থ। তিনি আউট হন ১২ বলে ১৯ রান করে। মিচেল মার্শ আর ঋষভ পন্ত কিছুটা চেষ্টা করেছিলেন। তৃতীয় উইকেট জুটিতে ১৯ বলে ৩৬ তুলেছিলেন দুজন। কিন্তু এরপর আর কিছুই নেই। পন্ত ১১ বলে ২১ আর মার্শ ২০ বলে ২৫ রান করে ফেরেন। এরপর শার্দুল ঠাকুরের ১৯ বলে ২৪ রান ছাড়া বলার মতো কোনো সংগ্রহই নেই। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস থামে ১৭.৪ ওভারে ১১৭ রানে।

চেন্নাইয়ের সেরা বোলার ছিলেন মঈন আলী। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পন্ত আর মার্শকে ফিরিয়ে চেন্নাইয়ের জয়ের পথটা আরও সহজ করে দেন তিনিই। তাঁর অন্য শিকার রিপল প্যাটেল। দুটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো, মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং। একটি উইকেট পেয়েছেন মাহিশ থিকসানা।