বোল্টের হ্যাটট্রিকের দিনে নিউজিল্যান্ডের জয়

শুরুতেই পাকিস্তান শিবিরে হানা দেন বোল্ট। দেখা পান হ্যাটট্রিকের। ছবি: এএফপি
শুরুতেই পাকিস্তান শিবিরে হানা দেন বোল্ট। দেখা পান হ্যাটট্রিকের। ছবি: এএফপি
>তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৯ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে চারটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন টেইলর।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তাদের শুরুটা যে খুব বেশি আহামরি কিছু হয়েছে, তা কিন্তু নয়। দলীয় ১৩ রানের মাথায়ই ওপেনার ওয়ার্কারকে হারিয়ে ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর ৭৮ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেলে ধুঁকতে থাকে সফরকারীরা। নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন টেইলর ও লাথাম। এই দুজনের ১৩০ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টেইলর ১১২ বল খেলে করেন ৮০ রান। আর লেথাম ৬৪ বলে তোলেন ৬৮ রান। পাকিস্তানের হয় দুর্দান্ত বোলিং করেন শাহ আফ্রিদি ও শাদাব খান। এই দুজনই নিউজিল্যান্ডের আট ব্যাটসম্যানের উইকেট সমান ভাগ করে নেন।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও নিউজিল্যান্ডের দেখানো পথে হাঁটে। মূলত বোল্টের তোপের মুখেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। তিন নম্বর ওভারেই হ্যাটট্রিকের দেখা পান বোল্ট। এক এক করে সাজঘরে ফেরান ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ হাফিজকে। দলীয় আট রানের মাথায় তিন উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যান শরফরাজরা। চতুর্থ উইকেট জুটিতে শোয়েব মালিক ও ইমাম উল হক মিলে ৬৪ রান তোলেন। এরপর সপ্তম উইকেট জুটিতে আবারও পাকিস্তানকে আশার আলো দেখায় ইমাদ ওয়াসিম ও শরফরাজ আহম্মেদের ১০৩ রান। তবে শেষ রক্ষা করতে পারেনি কেউই। ২১৯ রানে পাকিস্তান অলআউট হয় ৪৭.২ ওভারেই।