ভারতে বিয়ে করেছেন যে পাকিস্তানি ক্রিকেটাররা

>

রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তান। শত্রুতা একাধিকবার যুদ্ধও বাধিয়েছে এই প্রতিবেশী দেশের মধ্যে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈরিতা থাকলেও ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে বন্ধুতা বিরল কোনো ঘটনা নয়। দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, বিয়ে ও আত্মীয়তার সম্পর্ক খুবই সাধারণ ঘটনা। দুই দেশের অনেক সেলিব্রেটিও নিজেদের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ। ক্রিকেটেও এমন বিয়ে হয়েছে বেশ কয়েকটিই। প্রিয় পাঠক, আসুন জেনে নিই ক্রিকেটে ভারত-পাকিস্তান বিয়ের কয়েকটি আলোচিত ঘটনা...

মহসিন খান ও রিনা রায়।
মহসিন খান ও রিনা রায়।

মহসিন খান ও রিনা রায়
আশির দশকের আলোচিত ঘটনা এটি। পাকিস্তানি ক্রিকেটার মহসিন খান বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী রিনা রায়কে। ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহসিন রিনাকে বিয়ে করে খেলা ছেড়েছিলেন ফর্মের তুঙ্গে থেকেই। ক্রিকেট ছেড়ে মহসিন নাম লিখিয়েছিলেন অভিনয়ে। বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রিনা রায়ও মহসিনকে বিয়ে করে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছিলেন। কিন্তু এমন প্রেমের বিয়ে টেকেনি। দুজনের মধ্যে ঘটে গেছে বিচ্ছেদ। এ দম্পতির এক কন্যাসন্তানও আছে।

জহির আব্বাস ও রীতা লুথারা ওরফে সামিনা আব্বাস

জহির আব্বাস ও রীতা লুথারা
ক্রিকেটে এশিয়ার ব্র্যাডম্যান বলা হয়ে জহির আব্বাসকে। সত্যিকার অর্থেই এই পাকিস্তানি ক্রিকেটার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। ইংল্যান্ডে গ্লুস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে জহিরের সঙ্গে পরিচয় ঘটে ভারতীয় বংশোদ্ভূত ইন্টেরিয়র ডিজাইনের ছাত্রী রীতা লুথারার সেই আশির দশকের শুরুতে। সে থেকেই প্রেম। দীর্ঘদিনের প্রেমের শুভ পরিণয় ঘটে ১৯৮৮ সালে। রীতা অবশ্য বিয়ের পর ধর্মান্তরিত হয়ে নাম নেন সামিনা আব্বাস। জহির খেলা ছাড়ার পর ক্রিকেটে জড়িয়ে আছেন নানাভাবে। হয়েছিলেন আইসিসির সভাপতিও। সুখী এই দম্পতির বর্তমান নিবাস পাকিস্তানের করাচিতে। সেখানেই ইন্টেরিয়ার ডিজাইনের সফল ব্যবসা চালিয়ে যাচ্ছেন সামিনা।

শোয়েব মালিক ও সানিয়া মির্জা।

শোয়েব মালিক ও সানিয়া মির্জা
দুজনেই উপমহাদেশের দুটি ভিন্ন খেলার বড় তারকা। ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের পরিচয় অস্ট্রেলিয়াতে। ২০১০ সালে কাকতালীয়ভাবে দুজনই ছিলেন দেশটিতে। শোয়েব পাকিস্তান দলের হয়ে খেলতে গিয়েছিলেন টেস্ট সিরিজ। সানিয়া ভারতকে প্রতিনিধিত্ব করছিলেন কোনো একটা টেনিস প্রতিযোগিতাতে। সেখান থেকেই প্রেমের শুরু এ দুজনের। প্রেমের কাহিনিটা বেশি দূর টানেননি তাঁরা। অল্প দিনের মাথাতেই (২০১০) ঘটা করে বিয়ে করেন তাঁরা। সম্প্রতি এ দম্পতির ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। শোয়েব, সানিয়া— দুজনই দুজনের দারুণ সমর্থক। সংসারটাও সুখের সঙ্গেই করে যাচ্ছেন তাঁরা।

হাসান আলী ও শামিয়া আরজু।

হাসান আলী ও শামিয়া আরজু
দিল্লিতে সপরিবারেই আবাস শামিয়া আরজুর। চাকরি করেন বিমান সংস্থা এমিরেটসে ফ্লাইট প্রকৌশলী হিসেবে। দুবাইয়ে পাকিস্তানি পেসার হাসান আলীর সঙ্গে পরিচয় তাঁর। এরপর যা হয়, প্রেম, বিয়ে। ২০১৯ সালের আগস্টে বিয়ে করে সংসার শুরু করেছেন এ দুজন।