মাহমুদউল্লাহর ইংল্যান্ড-প্রেরণা

স্পিন কোচ রুয়ান কালপাগের পাশে দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন মাহমুদউল্লাহ l বিসিবি
স্পিন কোচ রুয়ান কালপাগের পাশে দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন মাহমুদউল্লাহ l বিসিবি

বিশ্বকাপের প্রথম অঘটনটা কাল ঘটিয়ে দিল আয়ারল্যান্ড। পরশু হারের আগে দক্ষিণ আফ্রিকাকেও ভালোই বেগ দিয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে যদি বড় দলগুলোকে কাঁপিয়ে দিতে পারে, বাংলাদেশ কেন নয়? বিশ্বকাপের ‘নিচুতলা’র দলগুলোর মধ্যে তো সবার ওপরে আছে তারাই!
গ্রুপ পর্বে বাংলাদেশ যে বড় দলগুলোকে সামনে পাবে, তাদের সবাইকেই কখনো না কখনো তারা হারিয়েছে। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয় এখনো হতে পারে আত্মবিশ্বাসের সঞ্জীবনী। ইংল্যান্ডকে ব্রিস্টলে হারানোর পর হারানো গেছে গত বিশ্বকাপেও। জয় আছে শ্রীলঙ্কার বিপক্ষে। আর নিউজিল্যান্ডকে তো দুবার ‘হোয়াইটওয়াশ’ই করেছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ অবশ্য আগ বাড়িয়ে অঘটনের ঘোষণা দিচ্ছেন না। কাল মানুকা ওভালে অনুশীলনের আগের সংবাদ সম্মেলনে দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান বললেন, ‘আমি বলব না যে আমরা অঘটন ঘটাবই। তবে এটা ঠিক, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা যে কাউকে হারাতে পারব।’
এমন কথা বাংলাদেশের ক্রিকেটারদের মুখে নিয়মিতই শোনা যায়। তবে মঞ্চটা যখন বিশ্বকাপ এবং কথাটা যখন বলছেন মাহমুদউল্লাহ, এটাকে একেবারেই কথার কথা ভেবে উড়িয়ে দেওয়াটা অন্যায় হবে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচটার কথাই মনে করুন না! চট্টগ্রামে ইংল্যান্ডের ২২৫ রান তাড়া করতে গিয়ে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। টেলএন্ডার শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে সেখান থেকে ম্যাচ জিতিয়ে দেন মাহমুদউল্লাহ। কাল সংবাদ সম্মেলনে চার বছর আগের স্মৃতিটা মনে করিয়ে দিতেই মাহমুদউল্লাহ বললেন, ‘ওটা আমাদের দলের জন্য দারুণ একটা ম্যাচ ছিল। বাংলাদেশ দল বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল...আমার জন্যও ওই জয়টা ছিল বিশেষ কিছু।’
এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম বড় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে ব্রিসবেনে। তার আগে আগামীকাল ক্যানবেরায় বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপের এই দুই দলের মধ্যে টেস্ট খেলুড়ে বাংলাদেশ পরিষ্কার ফেবারিট। তবে দেশের মাটিতে ২০১৪ এশিয়া কাপে আফগানদের কাছে হারের কারণে কিছুটা হলেও চাপ থাকবে মাশরাফি বিন মুর্তজার দলের ওপর। যদিও মাহমুদউল্লাহ মনে করছেন সমান চাপ থাকবে আফগানিস্তানের ওপরও, ‘তারাও(আফগানিস্তান) ভালো দল এবং তাদের কাছেও মানুষের প্রত্যাশা আছে।’
সন্দেহ নেই, বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের কাছেই সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইরিশদের কালকের জয়।