শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নেই সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নেই সাকিব

নাজমুলের আক্ষেপ

‘যখনই দরকার হয়, তখনই সাকিবকে পাই না, আমাদের কপাল খারাপ’

করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরপর দুই বার পরীক্ষায় পজিটিভ এসেছে তাঁর। ফলে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিব যে থাকছেন না এটা নিশ্চিত।

লঙ্কানদের বিপক্ষে টেস্টে সাকিবের না থাকাকে ‘দুর্ভাগ্য’ই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ ঢাকার ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই সাকিবকে নিয়ে কথা বলেছেন নাজমুল, ‘আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।’

টেস্টে আবারও সাকিবকে পাবে না বাংলাদেশ

করোনায় আক্রান্ত হওয়ার পর সাকিবের সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘গতকাল ওর সঙ্গে আমার কথা হয়েছে। বলেছে যে ভালো আছে। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। ও না থাকাটা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা।’

টেস্টে দুর্বল বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলাটা ভালো কিছু করার সুযোগই মনে করেন নাজমুল। তবে তাঁর কথা, দলে সাকিব থাকলে নিশ্চিন্তই হওয়া যেত, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। এটা তো অস্বীকার করার কিছু নয়। আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটা বড় সুযোগও। যেহেতু আমরা টেস্টে দুর্বল। সাকিব না থাকলেও ভালো করার সুযোগ এখনো আছে। সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে বলেই আশা করছি।’

সাকিবকে প্রয়োজনের সময় না পাওয়াটাকে দুর্ভাগ্যেরই মনে করেন বিসিবি সভাপতি

সাকিব না থাকলেও অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা নাজমুলের, ‘আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা যদি ভালো খেলতে পারে, তাহলে যেকোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ দেখি না।’

নাজমুলও মনে করেন সাকিবের মতো ক্রিকেটার দলে না থাকা মানেই দলের সমন্বয়ে সমস্যা, ‘ সমস্যাটা হচ্ছে যে, সাকিব না থাকায় আমাদের একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা তবে এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখনই দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’