
>মধ্যাহ্ন বিরতির আগে আউট হয়ে ফিরেছেন মুমিনুল হক
বিরতির ঠিক আগে দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের যেন কী হয়! কোনো নির্দিষ্ট বিরতি আসন্ন হলেই দর্শকেরা উৎকণ্ঠায় পড়ে যান। এই বুঝি কেউ আউট হয়ে ফিরবেন! বেশির ভাগ সময়ই তাদের আশঙ্কা সত্যি হয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়ে যান। আজ যেমন মধ্যাহ্ন বিরতির ঠিক আগে দিয়ে আউট হলেন ভালো খেলে নিজের ইনিংসের ভিত গড়ে ফেলা মুমিনুল হক। কেমার রোচের বলটি তিনি খেলতে গেলেন এমনভাবে যেন টি-টোয়েন্টি খেলছেন। লং অনে তাঁর সহজ ক্যাচটি নিয়েছেন রোস্টন চেজ। বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭। মুমিনুল ২৯ রানে আউট হলেও উইকেটে ৩৬ রান নিয়ে আছেন অভিষিক্ত সাদমান ইসলাম।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। ৪২ রান আগে সৌম্য সরকার আর সাদমান ইসলামের ওপেনিং জুটিতে। বিরতির ঠিক আগে দিয়ে যেমন বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট হওয়ার প্রবণতা দেখা দেয়, ঠিক সেভাবেই ব্যক্তিগত ১৯ রানে পানি পানের বিরতির আগে চেজের বলে স্লিপে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য।
অভিষেকেই নিজেকে চেনাচ্ছেন সাদমান। ধীরস্থির ব্যাটিংয়ে নিজের রানের খাতায় এরই মধ্যে ৩৬ রান তুলে ফেলেছেন তিনি। এখনো পর্যন্ত সাদমান শট খেলার ব্যাপারে দারুণ সচেতন।
নিজেদের ইতিহাসে ১১২তম টেস্টে এসে কোনো পেস বোলার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিব-তাইজুল-মিরাজ-নাঈম কোয়াট্রেট চট্টগ্রামেও ক্যারিবীয় ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন। ঢাকাতেও তেমনটির অপেক্ষায় তারা।
বাংলাদেশের পেস বোলার না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পেস বোলারকে দিয়ে সাফল্য পেয়েছেন।মুমিনুলকে তুলে নিয়ে কেমার রোচ কী গতি আক্রমণের প্রতি অবহেলার একটা ছোট্ট জবাব দিয়ে দিলেন?