
করোনার হানায় ২০২০-২১ মৌসুমে মাত্র দুই রাউন্ড খেলা শেষেই স্থগিত করতে হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। ওই মৌসুমে আয়োজন করা যায়নি বাংলাদেশ ক্রিকেট লিগও (বিসিএল)। তবে এবার আর করোনা বাধা হতে পারেনি বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৭ অক্টোবর থেকে ৬ জানুয়ারি—আড়াই মাসেই শেষ হয়েছে এবারের প্রথম শ্রেণির মৌসুম। বরাবরের মতো এবারও জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ পায়নি জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়কে।
এই অপূর্ণতাকে দূরে সরিয়ে রাখলে এ মৌসুমকে খারাপ বলা যাবে না। জাতীয় ক্রিকেট লিগ (অক্টোবর-নভেম্বর) ও বিসিএল (ডিসেম্বর-জানুয়ারি) এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই উপহার দিয়েছে। পরশু শেষ হওয়া বিসিএলের শিরোপা তো নির্ধারিত হলো রোমাঞ্চকর এক ফাইনাল শেষে।
শেষটায় দুই অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন ও শুভাগত হোম রাঙালেও মৌসুমজুড়েই আলো কেড়েছেন তরুণ ক্রিকেটাররা। এবারের জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্স দিয়েই তো বাংলাদেশের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মাহমুদুল হাসান। এবার ব্যাট হাতে অমিত হাসান, জাকির হাসান, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলীর মতো তরুণেরা আলো ছড়িয়েছেন। বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগ ও বিসিএল—দুই টুর্নামেন্টেই উইকেট শিকারে সবার ওপরে ছিলেন তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
এই তরুণদের সঙ্গে শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, নাঈম হাসান ও নাসুম আহমেদের মতো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া খেলোয়াড়েরাও খারাপ করেননি।
২০২১-২২ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং ও বোলিং তালিকার শীর্ষে আছেন কারা, তাঁরা কত রান করেছেন কিংবা কত উইকেট নিয়েছেন, দলের সাফল্যে তাঁদের অবদান কতটা—এসব বিবেচনায় নিয়ে মৌসুমের সেরা পাঁচ খেলোয়াড় কারা, জেনে নেওয়া যাক।
অমিত হাসান
দল: সিলেট ও দক্ষিণাঞ্চল
বয়স: ২০
ভূমিকা: ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান
২০২১-২২ মৌসুমে পারফরম্যান্স
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
১০ ১৭ ৯১২ ১৮৬ ৬০.৮০ ৪/২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ছয়টি করে যুব ওয়ানডে ও যুব টেস্ট খেলা অমিত হাসানের ব্যাটে ভর করেই এবার জাতীয় লিগে অবনমন এড়িয়েছে সিলেট। জাতীয় লিগে দুটি শতক পাওয়া অমিত রান করেছেন ৫৯০। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সুযোগ পাওয়া বরিশালের ফজলে রাব্বি (৬০৩)। জাতীয় লিগের শেষ রাউন্ডে রংপুরের বিপক্ষে অমিতের ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৬ রান সিলেটকে প্রথম স্তরে টিকে থাকতে বড় ভূমিকা রেখেছে। জাতীয় লিগের ফর্ম বিসিএলেও টেনে নেওয়া অমিত টানা দুই শতক পেয়েছেন উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিপক্ষে। বিসিএলের ফাইনালে অমিত রান পাননি, ব্যর্থ হয়েছে তাঁর দল দক্ষিণও।
জাকির হাসান
দল: সিলেট ও দক্ষিণাঞ্চল
বয়স: ২৩
ভূমিকা: বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান
২০২১-২২ মৌসুমে পারফরম্যান্স
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
১০ ১৬ ৭৬৫ ১৫৮ ৫১.০০ ৪/১
২০১৮ সালে ২০ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জাকির হাসান। একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই অবশ্য বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই জাকির এবারের বিসিএলে ঝড় তুলে আবার আলোচনায় এসেছেন। জাতীয় লিগের শেষ রাউন্ড থেকে শুরু করে বিসিএলের ফাইনালের প্রথম ইনিংস পর্যন্ত পাঁচ ইনিংসের মধ্যে চারটি শতক পেয়েছেন জাকির। ফাইনালের দ্বিতীয় ইনিংসে কোনো রান পাননি জাকির, তাঁর দলের ভাগ্যও যেন নির্ধারিত হয়ে যায় তাতে।
শুভাগত হোম চৌধুরী
দল: ঢাকা বিভাগ ও মধ্যাঞ্চল
বয়স: ৩৫
ভূমিকা: ডানহাতি ব্যাটসম্যান ও অফ স্পিনার
২০২১-২২ মৌসুমে পারফরম্যান্স
ব্যাটিং
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
৯ ১৪ ৭৬৫ ১৫২ ৫৯.১৮ ৩/৩
বোলিং
উইকেট সেরা গড় ৫/১০
২৬ ৭/৪৮ ২৬.১৫ ১/১
বয়স পেরিয়েছে ৩৫। জাতীয় দলে ফেরা না ফেরা নিয়েও ভাবা বাদ দিয়েছেন। এমন এক ক্রিকেটারই কিনা জ্বলজ্বল করে জ্বলেছেন মৌসুমজুড়ে। এবার যে দুটি দলের হয়ে খেলেছেন শুভাগত, সেই দুই দলই শিরোপা জিতেছে জাতীয় লিগ ও বিসিএলের। কি ব্যাট হাতে, কি বল হাতে—দলের প্রয়োজনে এগিয়ে এসেছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। বিসিএলের ফাইনালে দুই ইনিংসেই খাদের কিনারে চলে যাওয়া দলকে শতক করে শুধু উদ্ধারই করেননি, চ্যাম্পিয়নও বানিয়েছেন। জাতীয় লিগে খুলনার বিপক্ষে এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন শুভাগত।
হাসান মুরাদ
দল: চট্টগ্রাম ও মধ্যাঞ্চল
বয়স: ২০
ভূমিকা: বাঁহাতি স্পিনার
২০২১-২২ মৌসুমে পারফরম্যান্স
ম্যাচ উইকেট সেরা গড় ৫/১০
১০ ৫৫ ৬/৭৪ ১৭.১২ ৪/০
বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হাসান মুরাদ ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত আলো ছড়াচ্ছেন। বাঁহাতি স্পিনে এবারের জাতীয় লিগে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়ে চট্টগ্রামকে প্রথম স্তরে ওঠাতে বড় ভূমিকা রেখেছেন। এরপর বিসিএলেও পাওয়া গেছে সেই মুরাদকে, এই টুর্নামেন্টেও ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ২০ বছর বয়সী বোলার। চ্যাম্পিয়ন হয়েছেন তাঁর দল ওয়ালটন মধ্যাঞ্চলও। ১২ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২ উইকেট নেওয়া মুরাদ যতবার বল হাতে নিয়েছেন, অন্তত একটি উইকেট পেয়েছেনই। বাঁহাতি স্পিনারের ছড়াছড়ির দেশে মুরাদ কত দূর এগোতে পারবেন, দেখার বিষয় সেটিই।
ফজলে রাব্বি
দল: বরিশাল
বয়স: ৩৪
ভূমিকা: বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান
২০২১-২২ মৌসুমে পারফরম্যান্স
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
৬ ১১ ৬০৩ ১৮৮ ৬০.৩০ ১/৫
পারফরম্যান্সের বিচারে মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়রাও জায়গা পেতে পারতেন সেরা পাঁচে। মাহমুদুল হাসান জাতীয় দলে না ঢুকলে হয়তো শেষ পর্যন্ত কী করতে পারতেন, সেটিও দেখার ছিল। তবে শুধু জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্স দিয়েই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে সুযোগ পেয়ে যাওয়া বরিশালের ফজলে রাব্বিকে রাখতেই হলো। জাতীয় লিগে ছয় ম্যাচে এক শতক ও ৫টি অর্ধশতকে ৬০৩ রান করে সবার ওপরে ছিলেন বাংলাদেশে হয়ে দুটি ওয়ানডে খেলা ফজলেই। নিউজিল্যান্ডে না গেলে নিশ্চিত বিসিএলেও ব্যাটসম্যানদের মধ্যে ওপরের দিকেই থাকতেন তিনি।
মৌসুমের শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
অমিত হাসান ১০ ১৭ ৯১২ ১৮৬ ৬০.৮০ ৪/২
জাকির হাসান ১০ ১৬ ৭৬৫ ১৫৮ ৫১.০০ ৪/১
শুভাগত হোম ৯ ১৪ ৬৫১ ১৫২ ৫৯.১৮ ৩/৩
তানজিদ হাসান ৯ ১৬ ৬৪৩ ১৪৫ ৪০.১৮ ১/৩
মোহাম্মদ মিঠুন ১০ ১৬ ৬২৬ ২০৬ ৩৯.১২ ২/১
বোলার
বল উইকেট সেরা গড় ৫/১০
হাসান মুরাদ ২১৬৩ ৫৫ ৬/৭৪ ১৭.১২ ৪/০
সানজামুল ইসলাম ২২১৭ ৪৮ ৮/৯৮ ২৫.৭৫ ৩/২
নাঈম হাসান ১৮৩২ ৪৬ ৬/৪৮ ২০.৬৭ ৩/০
নাজমুল ইসলাম ১৭৩৭ ৩৫ ৬/২৩ ২০.৭১ ২/১
নাসুম আহমেদ ১৫৬২ ৩০ ৭/৪৩ ২৪.৭৩ ৪/১