
অবলা প্রাণী, মুখে কথা ফোটে না। চোখে ফোটে, কিন্তু তা সব সময় বুঝে উঠতে পারে না মানুষ। আকার-ইঙ্গিতেই যা বোঝাতে পারে সে। অ্যান্ড্রু সাইমন্ডসের কুকুরগুলো যেমন বুঝিয়ে দিল। ভয়ংকর সড়ক দুর্ঘটনা গতকাল কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডারের প্রাণ। কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর পরও তাঁকে ছেড়ে যেতে রাজিই ছিল না তাঁর একটি কুকুর।
নর্থ কুইন্সল্যান্ডে গত পরশু স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় সাইমন্ডসের গাড়ি যেখানে দুর্ঘটনায় পড়েছিল, সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর সৌজন্যেই জানা গেল, দুর্ঘটনার সময় সাইমন্ডসের গাড়িতে তাঁর দুটি কুকুরও ছিল। দুটি কুকুরই প্রাণে বেঁচে গেছে। প্রত্যক্ষদর্শীরা কুকুর দুটিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু এর মধ্যে একটি কুকুরকে সাইমন্ডসের কাছ থেকে যেন সরানোই যাচ্ছিল না!
বন্ধু হয়ে ওঠা মানুষের প্রতি কুকুরের ভালোবাসার এমন গল্প মোটেও নতুন নয়, কিন্তু প্রতিটি গল্পই হয়তো নতুন করে হৃদয়ে নাড়া দিয়ে যায়। সাইমন্ডসের হঠাৎ এমন মৃত্যু এমনিতেই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের দীর্ঘশ্বাস ঝরিয়েছে, এর মধ্যে তাঁর কুকুরদের এমন প্রেমের গল্প অন্যরকম এক খারাপ লাগা তৈরি করে দেয় মনে।
পুলিশের বিবৃতি বলছে, গত পরশু অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের অ্যালিস নদের সেতুর কাছে হার্ভি রেইঞ্জ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান সাইমন্ডস। তাঁর গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশে গড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক নারীর সৌজন্যে জানা গেল দুর্ঘটনার পরে সেখানকার অবস্থা। সাইমন্ডসের জীবন বাঁচাতে অনেক চেষ্টা করেও পারেননি তাঁরা। দুর্ঘটনার মিনিট দুয়েক পরই সেখানে পৌঁছে গাড়িতে সাইমন্ডস ও তাঁর দুই কুকুরকে দেখতে পাওয়ার কথা জানান ওই প্রত্যক্ষদর্শী।
‘আমার স্বামী তাঁকে গাড়ি থেকে বের করার অনেক চেষ্টা করছিল, গাড়ি থেকে বের করে বাইরে শুইয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে তাঁর (সাইমন্ডস) আর জ্ঞান ছিল না, কোনো সাড়া দিচ্ছিলেন না। তাঁর পালসও পাওয়া যাচ্ছিল না’—অস্ট্রেলিয়ার দৈনিক কুরিয়ার মেইলে ওই নারী প্রত্যক্ষদর্শীর বর্ণনা।
গাড়িতে থাকা সাইমন্ডসের দুই কুকুরের কথাও বললেন ওই প্রত্যক্ষদর্শী, ‘দুটি কুকুরের মধ্যে একটি একটু বেশিই আবেগী ছিল। তাঁকে ছেড়ে যেতেই চাইছিল না। যতবারই ওকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি বা কাছে যাওয়ার চেষ্টা করেছি, কুকুরটি গোঁ গোঁ শব্দ করে উঠছিল।’
এদিকে পুলিশের পরিদর্শকের বিবৃতি জানাচ্ছে, গাড়ি দুর্ঘটনার পেছনে মদ্যপানজনিত কোনো বিষয় ছিল না।
প্যারামেডিক যতক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তার আগেই স্থানীয় বাসিন্দারা সাইমন্ডসের সাহায্যে এগিয়ে এসেছেন বলেও জানিয়েছেন সেই পুলিশ পরিদর্শক। ‘তাঁদের পক্ষে ওই মুহূর্তে যা করা সম্ভব ছিল, সবই করেছেন তাঁরা। ০০০ বা জরুরি সেবায় ফোনও করেছেন’—বলেছেন ওই পুলিশ পরিদর্শক।
সাইমন্ডসের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এরই মধ্যে দুঃস্বপ্ন হয়ে ওঠা ২০২২ সালে সর্বশেষ ধাক্কা। গত মার্চে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুর ধাক্কাই এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট, এর মধ্যে এল সাইমন্ডসের চলে যাওয়ার খবর।
২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ সাইমন্ডস অস্ট্রেলিয়ার জার্সিতে ২৬টি টেস্টও খেলেছেন।